সিলেটে প্রবাসীদের জন্য অত্যাধুনিক রেস্ট হাউজ নির্মাণ হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৬
দেশ ডেস্ক:: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশে এসে প্রবাসীরা নানারকম হয়রানির শিকার হন। এসব বন্ধে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এ প্রসঙ্গে প্রবাসীদের যাতায়াত ও আবাসন সমস্যার সমাধানে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ওভারসীজ সেন্টার ভেঙে প্রবাসীদের জন্য অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ১০ তলা বিশিষ্ট একটি রেস্ট হাউজ নির্মাণ করাসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানান।
শনিবার (৭ মার্চ) সিলেটে দৈনিক জৈন্তা বার্তার উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের প্রবাসীরা তাদের কার্ড প্রদর্শন করে এই রেস্ট হাউজ ব্যবহার করতে পারবেন। প্রবাসীদের কল্যাণে তাঁর মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান মন্ত্রী।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের যে সমস্যা দেখা দিচ্ছে তার সমাধানে মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এখন পর্যন্ত যে তিন জন প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় নিয়মিত খোঁজখবর নিচ্ছে। প্রধানমন্ত্রীও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন বিষয়টি। প্রবাসী তিনজনের মরদেহ বিনা খরচে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে।
আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাদের সরকার সহযোগীতা করবে। তিনি আরও বলেন, প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার তাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে। প্রবাসীদের এসব সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ।
এসময় তিনি সিলেট-৪ আসনের তিনটি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতার কথা উল্লেখ করে এই বিষয়ে ১৫ দিনের মধ্যে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করার কথা জানান। সিলেট বিভাগের সকল মন্ত্রী এমপিদের নিয়ে অচিরেই ঢাকা-সিলেট মহাসড়কের সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তাছাড়া দৈনিক জৈন্তা বার্তার সমৃদ্ধি কামনা করেন মন্ত্রী। একইসঙ্গে সমাজের সকল অসঙ্গতি তুলে ধরতে পত্রিকাটির সাংবাদিক কলাকুশলীসহ সকলের প্রতি আহ্বান জানান।


