নবীন পাঞ্জাবির শোরুম বন্ধের ঘটনায় তদন্ত কমিটি, ওসি ক্লোজড
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬
দেশ ডেস্ক:: রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের একটি দোকানে ঘটিত ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) একটি তদন্ত কমিটি গঠন করেছে। একই সঙ্গে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজাকে (ওসি) ক্লোজড করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শুক্রবার (২০ মার্চ) মগবাজারের বিশাল সেন্টারের একটি দোকানে পাঞ্জাবি বিক্রির অফারকে কেন্দ্র করে মার্কেট কমিটি ও সংশ্লিষ্ট একটি শোরুমের মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজাকে ডিএমপি হেডকোয়ার্টার্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। পাশাপাশি এক সহকারী উপপরিদর্শক (এএসআই)-কে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

