দুই সন্তান-টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৬
দেশ ডেস্ক:: দুই সন্তান, মোটা টাকা ও সোনাদানা নিয়ে পরকীয়ায় ঘর ছেড়েছেন এক প্রবাসীর স্ত্রী। এ ঘটনা যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া বাঁশতলা এলাকার। শুক্রবার (১ মে) প্রবাসীর বাবা এ ঘটনায় যশোর কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দিয়েছেন।
প্রবাসী মুরশিদ গাজীর বাবা কেরামত আলী গাজী (৮৩) যশোর কোতোয়ালী মডেল থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, তার ছেলে প্রায় আড়াই বছর মালয়েশিয়া প্রবাসী। ওমর (৮) ও ইউসুফ (৩) নামে তার দুই সন্তান রয়েছে। পুত্রবধূ ইশিতার (২৮) সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা, অবাধ চলাফেরা আর পরিবারের বাধা উপেক্ষা করতে করতে একপর্যায়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন।
তিনি আরও উল্লেখ করেন, গত ২২ এপ্রিল তিনি ছেলের বিদেশ থেকে পাঠানো ১২ লাখ টাকা, ৪ ভরি সোনা ও দুই সন্তান নিয়ে সদর ভেকুটিয়া এলাকার সোহেল রানা নামে এক যুবকের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে যান। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে থানার দ্বারস্থ হন।
শনিবার (২ মে) কোতোয়ালী মডেল থানার ডিউটি অফিসার এসআই আশরাফ জানিয়েছেন, ‘অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

