সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে পুনর্বহালের দাবিতে লন্ডনে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৬
দেশ ডেস্ক, ২৪ জুন ২০২৬:: সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে বদলির প্রতিবাদ এবং তাঁকে পুনর্বহালের দাবিতে লন্ডনের পূর্বাঞ্চলের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ জুন অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে ভয়েস ফর জাস্টিস ইউকে। সংগঠনের সেক্রেটারি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এবং বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা মোহাম্মদ রফিক উল্লাহ রফিকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টার নাজির আহমেদ, ব্যারিস্টার আমিন চৌধুরী, সলিসিটর এম ইয়াওর উদ্দিন, আলতাব আলী ট্রাস্টের সেক্রেটারি আখলাকুর রহমান লুকু, জকিগঞ্জ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোহাম্মদ আবুল হোসেন, লেখক ডা. গিয়াস উদ্দিন আহমদ, জিএসসি ইস্ট লন্ডন শাখার সেক্রেটারি শাহান চৌধুরী, সাংবাদিক এম এ জামান, যুক্তরাজ্য প্রবাসী অধিকার পরিষদের নেতা খোন্দকার সাইদুজ্জামান সুমন, কবি শিহাবুজ্জামান কামাল, সাবেক কাউন্সিলর জয়নাল চৌধুরী, বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা জামাল মিয়া ও আব্দুল ছাত্তার, কমিউনিটি নেতা নাছির উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ শফিক, মাওলানা আনিছুর রহমান আনিছ, হেলাল আহমদ এবং আব্দুস সালাম শেখ প্রমুখ।
বক্তারা সারওয়ার আলমকে একজন সৎ, দক্ষ ও প্রবাসীবান্ধব জেলা প্রশাসক হিসেবে উল্লেখ করে তাঁর বদলির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তারা বলেন, সাদা পাথর লুটপাটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, শহরের ফুটপাত হকারমুক্তকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রবাসীদের বেদখল জমি উদ্ধার, প্রবাসীদের সম্মাননা প্রদান, প্রবাসীদের জন্য স্বতন্ত্র আবাসিক এলাকা নির্মাণের উদ্যোগ এবং হযরত শাহজালাল (রহ.)-এর মাজার সংশ্লিষ্ট অর্থ ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিতকরণসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তিনি জনসাধারণের প্রশংসা অর্জন করেছেন।
বক্তারা দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের কারণে তাঁকে বদলি করা হয়েছে। তারা অবিলম্বে সারওয়ার আলমকে সিলেটে পুনর্বহালের দাবি জানান এবং ভারপ্রাপ্ত জেলা প্রশাসককে তাঁর শুরু করা জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

