লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের স্থাপত্য শিক্ষার্থীদের পদচারণা
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৬

দেশ ডেস্ক, লন্ডন : ২৩ সেপ্টেম্বর ২০২৬ : লন্ডন ডিজাইন ফেস্টিভ্যাল ২০২৬-এ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের স্থাপত্যকর্ম প্রদর্শন করেছেন । ‘ইন-বিটুইন থ্রেশহোল্ডস’ শীর্ষক প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও ভারত, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের শিক্ষার্থী ও শিক্ষাবিদরা অংশ নেন।
ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারের ভিজিটিং লেকচারার ও পিএইচডি গবেষক আবুবকর সিদ্দিকীর উদ্যোগে দুই বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণের সুযোগ তৈরি হয় । লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালের সহযোগী ছিল ওএসএ স্টুডিও এবং বৃহত্তর কর্মসূচিতে সহায়তা করে সিন্ড্রেবে স্কুল অব ডিজাইন।
ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারের টাওয়ার ট্যাভার্নে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। পরে ১৬ সেপ্টেম্বর ক্যাভেনডিশ ক্যাম্পাসে ‘স্থাপত্য শিক্ষায় আন্তর্জাতিক শিক্ষণ-পদ্ধতি’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আন্তর্জাতিক শিক্ষা-পদ্ধতি, জ্ঞান বিনিময়, পারস্পরিক শেখা এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারের সামির পান্ডিয়া, ড. মাজা ইয়োভিচ ও ড. জিউলিও ভারদিনি।
আবুবকর সিদ্দিকীর সঞ্চালনায় শিক্ষাবিদদের আলোচনায় অংশ নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক ইফতেখার রহমান, বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির পাঠ্যক্রম পরিচালক এক্লেস এনজি, সিন্ড্রেবে স্কুল অব ডিজাইনের স্বপ্না নায়ার ও বেতুল টিলি এবং স্থপতি ও সহকারী অধ্যাপক কৌস্তভ কল্যাণ।
অনুষ্ঠানে সিলেট শাহজালাল হাউজিং এস্টেস উপশহর প্রবাসী সমিতির জেনারেল সেক্রেটারি, লন্ডন বাংলা প্রেস ক্লাব ও সিলেট প্রেস ক্লাবের লাইফ মেম্বার শাহ শেরওয়ান মোহাম্মদ কামালি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কিউবইনসাইড ডিজাইন লিমিটেডের অংশীদার শাখাওয়াত হোসেন রকি উপস্থিত ছিলেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য এই আয়োজনটি ছয় বছর ধরে চলমান ‘বিসিইউ–শাবিপ্রবি গ্রামের হাওর সহযোগিতা কর্মসূচি’র ধারাবাহিকতার অংশ। এই উদ্যোগ ইতোমধ্যে একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে এবং এর কাজ বাকিংহাম প্যালেস ও দ্য বিল্ডিং সেন্টারেও উপস্থাপিত হয়েছে।
২০২৬ সালে প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি যুক্তরাজ্যে এসে প্রদর্শনী ও আন্তর্জাতিক প্যানেল আলোচনায় অংশ নেন। বিশ্ববিদ্যালয়টির প্রতিনিধি দলে ছিলেন আসমা হুমায়ুন, ফাতেমা তাসফিয়া আলম, জারিন তাসনিম, মাসরাফে আহমেদ কুয়াশা, মুখলেসুর রহমান সিয়াম, ফারজানা কবির প্রীতি, শাহরিন রহমান ও তানজিয়া নুসরাত সুহা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন আসমাউল সালমান, শরাফাত তাওসিফ হোসেন, আদিবা জামান এবং মো. আশফাক নাহিন চৌধুরী মুগ্ধ।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারের মধ্যে নতুন প্রাতিষ্ঠানিক সম্পর্ক এগিয়ে নিতে একটি সমঝোতা স্মারক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ভবিষ্যতে যৌথ শিক্ষা, গবেষণা, একাডেমিক সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়ের সম্ভাবনা তৈরি হয়েছে।


