গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৬
দেশ ডেস্ক, লন্ডন, ২৮ অক্টোবর ২০২৬: যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জবাসীর অন্যতম বৃহৎ সংগঠন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ অক্টোবর রোববার, লন্ডনের এনসাইন ইয়ুথ ক্লাবে অনুষ্ঠিত এ সভায় কয়েক শ ট্রাস্টি ও শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের ট্রাস্টি শওকত আলী। নির্বাচনে মাত্র একটি প্যানেল মনোনয়নপত্র জমা দেওয়ায় প্রধান নির্বাচন কমিশনার আকতার হোসেন ২০২৬-২০২৮ মেয়াদের জন্য গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। এ সময় তাঁকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার রিয়াজ উদ্দিন ও আব্দুল আজিজ ফারুক।
নির্বাচন কমিশনের প্রকাশিত আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, জহির হোসেন গৌছ সভাপতি, মোহাম্মদ শামীম আহমদ সাধারণ সম্পাদক এবং সিদ্দিকুর রহমান কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। কমিটির সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মামুনুর রশিদ খান, ফারুক মিয়া, দেওয়ান নজরুল ইসলাম, রুহুল কুদ্দুস জুনেদ, আব্দুল ওয়াদুদ ও আব্দুল কাদির। এ ছাড়া সহসাধারণ সম্পাদক বদরুল আলম বাবুল, সহকারী কোষাধ্যক্ষ মো. সুহেল আহমেদ শপন, সাংগঠনিক সম্পাদক শামস উদ্দিন খান, ট্রাস্টিশিপ সম্পাদক কামাল উদ্দিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মজির উদ্দিন, মো. তমিজুর রহমান রঞ্জু, সেলিম উদ্দিন চাকলাদার, মো. আফরুজ মিয়া শাহিন, মো. সালাহ উদ্দিন, মারুফ আহমেদ, হেলাল আহমেদ, দেলওয়ার হুসাইন, মুফিজুর রহমান চৌধুরী, মো. মিসবাহুল হক মাসুম ও রুফিয়া খানম।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ট্রাস্টের গঠনতন্ত্রের ১০ নম্বর ধারা অনুযায়ী সাধারণ ট্রাস্টিদের উদ্যোগে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি জহির হোসেন গৌছ। সভাটি যৌথভাবে পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ ও সহকারী সাধারণ সম্পাদক বদরুল আলম বাবুল। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ মাওলানা আশরাফুল ইসলাম।
সভায় উপস্থিত ট্রাস্টিরা ট্রাস্টের বর্তমান পরিস্থিতি, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় ট্রাস্টের সার্বিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, গতিশীল, জবাবদিহিমূলক ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে এবং এ বিষয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।
বিপুলসংখ্যক সাধারণ ট্রাস্টি, প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত ও অর্থবহ হয়ে ওঠে। সভায় বক্তারা বলেন, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক প্রতিষ্ঠান নয়; এটি সব ট্রাস্টির সম্মিলিত সংগঠন। তাই ট্রাস্টের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গঠনতন্ত্রের যথাযথ অনুসরণ, গণতান্ত্রিক মূল্যবোধ, স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে সংগঠনের দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নতুন গতির সঞ্চার হবে এবং ট্রাস্টের সাংগঠনিক স্থিতিশীলতা ও কার্যক্রমে গতিশীলতা ফিরে আসবে। তাঁরা আরও আশাবাদ ব্যক্ত করেন, নতুন কমিটির উদ্যোগে ট্রাস্টের শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং সব ট্রাস্টির সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংগঠনটি তার অভীষ্ট লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে।
সভাপতির সমাপনী বক্তব্যে জহির হোসেন গৌছ উপস্থিত ট্রাস্টি ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক অংশগ্রহণ, সহযোগিতা ও সমর্থনের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ট্রাস্টের কার্যক্রম পরিচালনা এবং সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সব ট্রাস্টিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি, সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তি


