স্বামীর জামিনের আশ্বাসে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতার নামে মামলা
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৬
দেশ ডেস্ক, ৩০ অক্টোবর ২০২৬:: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কারাগারে থাকা স্বামীকে জামিনে মুক্ত করার আশ্বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই নারী ফুলবাড়িয়া থানায় মামলা করেছেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত যুবদল নেতার নাম হযরত আলী মণ্ডল (৩৮)। তিনি ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে জনসংযোগ চালাচ্ছিলেন।
এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি একটি মামলায় ওই নারীর (৪৫) স্বামী কারাগারে যান। স্বামীর মুক্তির জন্য তিনি বিভিন্ন জায়গায় দৌড়ঝাপ করেন। একপর্যায়ে তার স্বামীর জামিনে সহায়তা দেওয়ার আশ্বাস দেন হযরত আলী। এ নিয়ে ওই নারীর বাড়িতে যাতায়াত শুরু করেন তিনি। সবশেষ গত ২০ অক্টোবর বেলা ১১টার দিকে ওই নারীর বাড়িতে গিয়ে তাকে কুপ্রস্তাব দেন তিনি। একপর্যায়ে তিনি তাকে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তিনি পালিয়ে যান।
ভুক্তভোগী নারী বলেন, ‘হযরত আলীকে আগে থেকেই সন্দেহ হচ্ছিল। এ জন্য সেদিন কৌশলে ভিডিও অপশন চালু রেখে মোবাইল নিরাপদ জায়গায় রেখে দিয়েছিলাম।’
স্বামীর মামলা ও জামিনের বিষয়ে ওই নারী জানান, আইনজীবীর মাধ্যমে তার স্বামী জামিনে মুক্তি পেয়েছেন। বর্তমানে অভিযুক্ত যুবদল নেতা তাকে ও তার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর থেকে অভিযুক্ত হযরত আলী মণ্ডল আত্মগোপনে। তার মোবাইলে একাধিকবার ফোন দিয়ে বন্ধ পাওয়া গেছে।
উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ জানান, সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি তাদের নজরে এসেছে। জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, ওই নারীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


