প্রায় দুই দশক পর সিলেটে আসছেন শায়খুল ইসলাম মুফতি তাকি উসমানী
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৬
দেশ ডেস্ক, লন্ডন, ০৯ নভেম্বর ২০২৬: দীর্ঘ প্রায় দুই দশক পর আগামী ২৫ নভেম্বর সিলেটে আসছেন বিশ্ববরেণ্য আলেম, প্রখ্যাত ফকিহ ও ইসলামী চিন্তাবিদ শায়খুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ তাকি উসমানী। তাঁর আগমন উপলক্ষে সিলেটসহ দেশের ধর্মপ্রাণ মুসলমান ও দ্বীনি অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সিলেটের প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার উদ্যোগে এ সফরের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক মুফতি আবদুল মুনতাকিম দীর্ঘদিন ধরে তাঁকে সিলেট ও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে আসছিলেন। এ জন্য বিভিন্ন সময়ে সরাসরি সাক্ষাৎ করেও সিলেটে আসার অনুরোধ জানান তিনি। গত বছরও তাঁর সফরের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত হয়ে যায়।
অবশেষে এ বছর মুফতি তাকি উসমানীর সম্মতি ও আগ্রহে নভেম্বর মাসে সফরের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। দ্বীনি মাদ্রাসাগুলোর বার্ষিক পরীক্ষার সময়সূচি বিবেচনায় রেখেই এ সময় নির্বাচন করা হয়। সফরকালে তিনি বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বীনি ও ইসলামী অনুষ্ঠানে অংশ নেবেন।
এ উপলক্ষে আগামী ২৫ নভেম্বর বুধবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম-খতিব, ইসলামী চিন্তাবিদ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানের সমাগম প্রত্যাশা করছেন আয়োজকরা।
মুফতি আবদুল মুনতাকিম বলেন, শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানী সমকালীন মুসলিম বিশ্বের একজন অনন্যসাধারণ ইসলামী ব্যক্তিত্ব। আরব-আজমে বর্তমান সময়ের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী স্কলার হিসেবে তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ইলম, ফিকহ, গবেষণা, লেখনী, ইসলাহী মেহনত ও উম্মাহর পথনির্দেশনায় তাঁর অবদান বিশ্বব্যাপী স্মরণীয়। এমন একজন মহান মনীষীর সান্নিধ্য লাভ এবং তাঁর কাছ থেকে ইলমি ও আমলি দিকনির্দেশনা গ্রহণের সুযোগ বিরাট নেয়ামত।
তিনি আরও বলেন, দীর্ঘ প্রায় দুই দশক পর তাঁর সিলেট আগমন আনন্দ ও সৌভাগ্যের বিষয়। বয়স ও শারীরিক বাস্তবতার কারণে ভবিষ্যতে এ ধরনের সফরের সুযোগ কতটা পাওয়া যাবে, তা বলা কঠিন। তাই এ সফরকে অত্যন্ত মূল্যবান ও ঐতিহাসিক সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত। উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম-খতিব, আধুনিক শিক্ষিত সমাজসহ সর্বস্তরের মুসলমানের প্রতি তিনি এ সুযোগের যথাযথ মূল্যায়ন এবং সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানান।
সিলেট বিভাগের উলামায়ে কেরামের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে মুফতি আবদুল মুনতাকিম বলেন, এটি শুধু একটি সাধারণ সম্মেলন নয়; সমকালীন মুসলিম বিশ্বের একজন শীর্ষস্থানীয় আলেম ও সর্বজনশ্রদ্ধেয় ফকিহের সান্নিধ্য লাভের বিরল সুযোগ। দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় এ সম্মেলনকে সিলেটের ইতিহাসে স্মরণীয় ইসলামী সমাবেশে পরিণত করতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, সিলেটের উলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষক, মসজিদের ইমাম-খতিব, ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মুসলমান ব্যাপকভাবে অংশ নিয়ে মুফতি মুহাম্মদ তাকি উসমানীকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, ২৫ নভেম্বর বুধবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে পাকিস্তান মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা হানিফ জালন্ধরী গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। এ ছাড়া দেশ-বিদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সম্মেলন সিলেটের দ্বীনি অঙ্গনে স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি


