‘ডোন্ট সে হার নেইম’ নাটকে মুগ্ধ দর্শক
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৬
দেশ ডেস্ক, ১১ নভেম্বর ২০২৬: ‘সিজন অব বাংলা ড্রামা’র অংশ হিসেবে লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারের থিয়েটার হলে মঞ্চস্থ হয়েছে ‘সুরবন্ধন’ নাট্য সংগঠনের প্রযোজনা ‘ডোন্ট সে হার নেইম’। নাটকটি উপভোগ করে মুগ্ধ হয়েছেন দর্শকরা।
গত ৭ নভেম্বর সন্ধ্যা ৭টায় শুরু হওয়া নাটকটি দেখতে থিয়েটার হল দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে। নাটকের নাম থেকেই তৈরি হয়েছিল কৌতূহল। সেই কৌতূহল নিয়ে নাট্যপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘কৌতূহল’।
পিয়া মাইনিন রচিত ব্যতিক্রমী কাহিনিনির্ভর নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন পিয়া মাইনিন, উদয় শংকর দুর্জয়, ধনঞ্জয় পাল, ফরিদা ইয়াসমিন রিনিতা ও হাফসা নূর।
অভিবাসী একটি পরিবারের প্রেম, সামাজিক পরিবর্তন ও সাংস্কৃতিক সংকটকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘ডোন্ট সে হার নেইম’ নাটকের কাহিনি। বাঙালি সমাজে প্রেমের স্বীকৃতি না দেওয়া, দুই প্রজন্মের টানাপোড়েন এবং প্রেম আড়াল করে রাখার কারণে সৃষ্ট মর্মান্তিক পরিণতি অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলেন শিল্পীরা। হলভর্তি দর্শক মনোযোগ দিয়ে নাটকটি উপভোগ করেন।
নাটক শুরুর আগে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নাট্য বিভাগের কর্মকর্তা কাজী রোকশানা সূচনা বক্তব্য দেন এবং দর্শকদের নাটক উপভোগের আমন্ত্রণ জানান। ৮০ মিনিটের নাটক শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন নাট্যকার ও অভিনয়শিল্পী পিয়া মাইনিন, ধনঞ্জয় পাল ও উদয় শংকর দুর্জয়।
উল্লেখ্য, ‘ডোন্ট সে হার নেইম’ সুরবন্ধন নাট্য সংগঠনের দ্বিতীয় প্রযোজনা। গত বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনভিত্তিক একটি নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে সংগঠনটির নাট্যজগতে যাত্রা শুরু হয়।
পিয়া মাইনিন ব্রিটিশ-বাঙালি। তাঁর জন্ম ব্রিটেনে। তবে তিনি বাংলা সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় একজন সাংস্কৃতিক কর্মী। বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চায় নিজস্ব উদ্যোগে তিনি সৃজনশীল পথে নিজের অবস্থান তৈরি করেছেন।
এবারের ‘ডোন্ট সে হার নেইম’ নাটকটি বাংলা ও ইংরেজি – দুই ভাষার সংলাপে পরিবেশিত হয়েছে। নাটক শেষে দর্শকদের প্রতিক্রিয়ায় উঠে এসেছে, এর সাবলীল ভাষা ও সংলাপ তাঁদের মুগ্ধ করেছে। সংবাদ বিজ্ঞপ্তি


