দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে জকিগঞ্জ
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৬
দেশ ডেস্ক, ১৩ নভেম্বর ২০২৬:: মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২১ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে শত্রুমুক্ত হয়েছিল সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ। এবার এলাকাটিকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে সংবাদ সম্মেলন করেছে প্রবাসীদের সংগঠন জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের জকিগঞ্জ সফরের কথা রয়েছে। এ সফরকে কেন্দ্র করে জকিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস ও রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি আব্দুর রাজ্জাক ইকবাল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল হোসাইন।
সংবাদ সম্মেলনে বলা হয়, জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি দীর্ঘদিনের। এ দাবি বাস্তবায়নে জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে যুক্তরাজ্য ও বাংলাদেশে বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান, র্যালিসহ নানা কর্মসূচি পালন করেছে। দীর্ঘদিনের আন্দোলনের পর রাষ্ট্রীয় স্বীকৃতির উদ্যোগ নেওয়ায় তাঁরা আনন্দিত। জকিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস দেশের স্বাধীনতাসংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ ইতিহাসের যথাযথ মূল্যায়ন ও রাষ্ট্রীয় স্বীকৃতি জকিগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। তাঁরা এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামী ১ ডিসেম্বরের আয়োজন সফল করতে দেশ-বিদেশের সবার সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি জয়নুল আবেদীন, কোষাধ্যক্ষ কাজী মাওলানা এমদাদুল হক, সাবেক কোষাধ্যক্ষ গোলাম মর্তুজা চৌধুরী ইকবাল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও কাজী খালেদ, সহকারী কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য ও জকিগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক ফজলে চৌধুরী একলিম এবং সহপ্রচার সম্পাদক শরীফ আহমদ।
এদিকে জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামী ২১ নভেম্বর পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে বিশেষ পতাকা উত্তোলন কর্মসূচির আয়োজন করেছে জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে। কর্মসূচিতে যুক্তরাজ্যে বসবাসরত জকিগঞ্জবাসী ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।


