সিলেটে প্রকাশিত হলো কবি হাসান মোছাদ্দিকের কাব্য ও প্রবন্ধগ্রন্থ
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬
দেশ ডেস্ক, ১৭ নভেম্বর ২০২৬: সিলেটে কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর পূর্ব জিন্দাবাজার এলাকার একটি অভিজাত হোটেলে ‘ভাস্কর প্রকাশন’ থেকে প্রকাশিত তাঁর কাব্যগ্রন্থ ‘হৃদয় নিকেতন’ ও প্রবন্ধগ্রন্থ ‘নারীর অন্তরালোকে জীবন’-এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘ভাস্কর’-এর সম্পাদক বিশিষ্ট কবি পুলিন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক মুহিবুর রহমান কিরণ। নির্ধারিত আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমদ।
‘ভাস্কর’-এর সম্পাদনা সহযোগী ও গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন মজিবুর রহমান, কবি অমিতা বর্দ্ধন, মো. শাহাব উদ্দিন, সুফিয়া বেগম, অসীম তালুকদার, জান্নাত আরা খান পান্না, রনবিজয় চক্রবর্তী অনিরুদ্ধ, কাজী নাসরিন নাহার, সাংবাদিক এমরান ফয়ছল, কবি বারীন্দ্র দাস, দৈনিক বিজনেস ফাইল-এর সিলেট ব্যুরো চিফ বিদ্যারত্ন রায়, মুজিবুর রহমান, আব্দুস সালাম, কবি মনজুর মোহাম্মদ, আব্দুল বাতেন কবীর, কবি-প্রকাশক অসীম সরকার, খলিলুর রহমান ও অপূর্ব বিশ্বাস প্রমুখ। স্বাগত বক্তব্য দেন কবি আলাউদ্দিন তালুকদার।
বক্তারা বলেন, কবি হাসান মোছাদ্দিকের প্রকাশিত দুটি গ্রন্থে বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে মানবিকতার নানা দিক সাবলীলভাবে ফুটে উঠেছে। তাঁর কবিতায় দাম্পত্য জীবন, পারস্পরিক সম্পর্ক, দায়িত্ববোধ, মান-অভিমান ও ভালোবাসার বিষয়গুলো গভীরভাবে উঠে এসেছে। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে টিকে থাকার প্রেরণা হিসেবে ভালোবাসাকে তিনি কবিতার মাধ্যমে তুলে ধরেছেন।
বক্তারা কবির সাহিত্যকর্মের প্রশংসা করেন এবং নতুন প্রকাশিত কাব্যগ্রন্থ ‘হৃদয় নিকেতন’ ও প্রবন্ধগ্রন্থ ‘নারীর অন্তরালোকে জীবন’-এর বহুল প্রচার কামনা করেন। একই সঙ্গে বই দুটি যত্নসহকারে প্রকাশের জন্য ‘ভাস্কর প্রকাশন’-এর কর্ণধার কবি পুলিন রায়কে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে ‘ভাস্কর’-এর পক্ষ থেকে কবি হাসান মোছাদ্দিককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


