মৌলভীবাজারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সেলাই মেশিন বিতরণ কর্মসূচির উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬
দেশ ডেস্ক, ১৭ নভেম্বর ২০২৬: সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ব্রিটেনের অন্যতম বৃহৎ বাংলাদেশি কমিউনিটি সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে গৃহীত এ প্রকল্পের আওতায় বৃহত্তর সিলেটের চার জেলা-সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকার অসচ্ছল নারীদের মধ্যে পর্যায়ক্রমে ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হবে।
গত ১৩ নভেম্বর শুক্রবার বিকেল ৩টায় মৌলভীবাজারের ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের কনফারেন্স হলে কর্মসূচির প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উপদেষ্টা আলহাজ আনসার মিয়ার সভাপতিত্বে এবং ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের ফাইন্যান্স ডিরেক্টর আশরাফ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড ইস্ট আসনের ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ব্যারিস্টার ইমরান হোসেন এমপি। তিনি আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উপদেষ্টা, বিশিষ্ট কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ মাহিদুর রহমান, ব্র্যাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলর হাসানুজ্জামান হাসান খান এবং ‘অরফানস ইন নিড’-এর ফান্ডরেইজিং বিভাগের প্রধান আলতাফ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী ইব্রাহিম আহমেদ। সেলাই মেশিন বিতরণ কর্মসূচি-২০২৬ বাস্তবায়নে আর্থিক অনুদান প্রদানকারীদের নাম পাঠ করে শোনান সংগঠক এম মুহিবুর রহমান মুহিব।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নেতৃবৃন্দ ও অনুদানদাতাদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর ইউসুফ আলী, সামাজিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী ও রাজনীতিবিদ সৈয়দ মমশাদ আলীসহ স্থানীয় ও কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রেসিডেন্ট, বিশিষ্ট কমিউনিটি নেতা ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর। তিনি প্রকল্প বাস্তবায়নে পরিশ্রম ও আর্থিক সহযোগিতা প্রদানকারী সব দাতা, অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বক্তারা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের এ উদ্যোগকে সময়োপযোগী, প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ হিসেবে অভিহিত করেন। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। উপস্থিত অতিথি ও সুধীজনেরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বৃহত্তর সিলেটের সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেলাই মেশিন বিতরণ কর্মসূচি-২০২৬ বাস্তবায়নে যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের দানশীল ব্যক্তি এবং সংগঠনের নেতৃবৃন্দ আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। অনুদানদাতাদের মধ্যে রয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্যাট্রন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম. হোসাইন এমবিই; সংগঠনের প্রতিষ্ঠাকালীন কালচারাল সেক্রেটারি মিসেস শাহিদা এইচ. হোসাইন; সিনিয়র উপদেষ্টা ও একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর; সংগঠনের প্রেসিডেন্ট ও মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর; জেনারেল সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ আশরাফ মিয়া; ট্রেজারার ও নারী নেত্রী হেলেন ইসলাম; সাউথ ইস্ট রিজিওনাল প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ এবং মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুন নূর মোহন।
এ ছাড়া অনুদান দিয়েছেন কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলর হাবিবুর রহমান রানা, সাউথ ইস্ট রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন, সাউথ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান মুজিব, নর্থ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট শাহজানুর রাজা, ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনাল প্রেসিডেন্ট আশিক মিয়া, কেন্ট রিজিওনাল কালচারাল সেক্রেটারি নূরজাহান রহমান, সাউথ ওয়েলস রিজিওনাল জেনারেল সেক্রেটারি রকিবুর রহমান, ট্রেজারার এ. বি. রুনেল, নর্থ ওয়েলস রিজিওনাল ফাইন্যান্স সেক্রেটারি হারুন আলম, নর্থ রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনোহর আলী (রুকনুজ্জামান), নর্থ রিজিওনাল সিনিয়র সদস্য মো. আব্দুল খালেক, নিউপোর্ট শাখার প্রেসিডেন্ট ফয়সল রহমান, নর্থ ওয়েলস রিজিওনাল সিনিয়র সদস্য শাহ নেওয়াজ শাহান এবং বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা মোহাম্মদ আব্দুল মুকিতসহ অন্যান্য দানশীল ব্যক্তিবর্গ। সংবাদ বিজ্ঞপ্তি


