ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দত্তরাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন, ৭ সেপ্টেম্বর ২০২৬: ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দত্তরাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ সেপ্টেম্বর বুধবার একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি তছউর আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নুরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুদৃঢ় করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান সেলিম উদ্দিন চাকলাদার, দেওয়ান নজরুল ইসলাম ও আব্দুল কাদির, মৌলানা আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শানুর ও মারুফ আহমেদ, কোষাধ্যক্ষ ফরিদ আহমেদ, সহকোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু, প্রেস অ্যান্ড পাবলিকেশন সম্পাদক ময়নুল ইসলাম, অভ্যর্থনা সম্পাদক মিসবাহ উদ্দিন এবং সহকারী স্পোর্টস সম্পাদক কামরুজ্জামান চাকলাদার।
সভায় অনুপস্থিত থাকলেও পূর্বানুমতি (অ্যাপোলজি) জানিয়েছেন ভাইস চেয়ারম্যান তমিজুর রহমান রঞ্জু, ভাইস চেয়ারম্যান আজন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ সুমন, মহিলা সম্পাদক নাজিয়া আক্তার রেবিন, সহকারী সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ ইমন, সদস্য হেলাল আহমেদ ও সদস্য রোকসানা পারভীনসহ আরও কয়েকজন নেতৃবৃন্দ।
সভায় সংগঠনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে সদস্যপদ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী এক সপ্তাহের মধ্যে বর্তমান সদস্যদের মেম্বারশিপ সংক্রান্ত তথ্য প্রেস অ্যান্ড পাবলিকেশন সম্পাদক ময়নুল ইসলাম সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করবেন বলে সিদ্ধান্ত হয়।
এ ছাড়া নতুন করে যারা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন, তাদের জন্য ১০০ পাউন্ড সদস্য ফি নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে নির্বাচন বা সিলেকশনের মাধ্যমে কোনো দায়িত্ব বা পদ নির্ধারণ করা হলে সে ক্ষেত্রে নির্ধারিত ফি প্রযোজ্য হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যেসব সদস্যের সঙ্গে এখনও নিয়মিত যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি, তাঁদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের লক্ষ্যে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন সেলিম উদ্দিন চাকলাদার, মাহমুদুর রহমান শানুর, দেওয়ান নজরুল ইসলাম, শাহরিয়ার আহমেদ সুমন ও মারুফ আহমেদ। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে এ কমিটিতে আরও সদস্য অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়।
সভায় বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের সভাপতি নির্বাচিত হওয়ায় সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ। তাঁরা তাঁর নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।
এদিকে আগামী ২৮ সেপ্টেম্বর সোমবার সবার মতামতের ভিত্তিতে সংগঠনের নতুন কমিটি পুনর্গঠনের বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে একটি নতুন ম্যাগাজিন প্রকাশের সিদ্ধান্তও গ্রহণ করা হয়।
সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।


