লন্ডনে প্রথম ব্রিটিশ-বাংলাদেশি বিল্ড ফেস্টিভ্যাল ২৯ নভেম্বর : সবার জন্য উন্মুক্ত
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬
দেশ রিপোর্ট, ২০ নভেম্বর ২০২৬ : যুক্তরাজ্যের নির্মাণ, হাউজিং ও সংশ্লিষ্ট সেবা খাতে ব্রিটিশ বাংলাদেশি পেশাজীবী ও ব্যবসায়ীদের অবদান তুলে ধরা এবং নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান ও ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে আগামী ২৯ নভেম্বর রোববার পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্রিটিশ বাংলাদেশি বিল্ড ফেস্টিভ্যাল লন্ডন ২০২৬’।
ব্রিটিশ বাংলাদেশি কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন (বিবিসিএ) এর উদ্যোগে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে পুর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে । দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ আয়োজন। এতে বিনামুল্যে প্রবেশ উন্মুক্ত থাকবে ।
২০ নভেম্বর শুক্রবার দুপুরে লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হয়। এতে বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশি কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশনের কনভেনার ইঞ্জিনিয়ার সাদিকুল আলম আহবাব, জয়েন্ট কনভেনার জুনেদ চৌধুরী, ট্রেজার এনড্র মধু, সিডিসি’র সিইও দোল্লা রহিম ভুইয়া ও হেড অব স্ট্রাটিজি চৌধুরী মুহাম্মদ নাঈমুল ইসলাম, ল্যাণ্ডভিউ কনস্ট্রাকশনের ডাইরেক্টর সুমন আহমদ, সালেহ বিল্ডার্স এর ডাইরেক্টর সালেহ আহমদ ও ইস্ট লন্ডন মেটাল-এর ডাইরেক্টর লুতফুর রহমান।
বিবিসিএ’র নেতৃবৃন্দ বলেন, যুক্তরাজ্যের নির্মাণ ও হাউজিং খাতে কর্মরত ব্রিটিশ বাংলাদেশি বিল্ডার, প্রকৌশলী, নির্মাণ ব্যবস্থাপক, ঠিকাদার, দক্ষ কারিগর, উদ্যোক্তা এবং বিভিন্ন সেবাদাতাকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, নির্মাণ ও হাউজিং খাতে ব্রিটিশ বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও তাঁদের কাজ, অভিজ্ঞতা ও সম্ভাবনা সম্পর্কে বৃহত্তর জনগোষ্ঠীকে জানানো প্রয়োজন। একই সঙ্গে নতুন প্রজন্মকে এ খাতে ক্যারিয়ার গড়তে উৎসাহিত করা এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির সুযোগ তৈরি করাও উৎসবের লক্ষ্য।
আয়োজকেরা জানান, উৎসবে ৩০টিরও বেশি প্রদর্শনী স্টল থাকবে। এতে নির্মাণ, সম্পত্তি, ডিজাইন, ইন্টেরিয়র এবং সংশ্লিষ্ট পণ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম তুলে ধরবে। দর্শনার্থীরা সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন।
বিশেষ করে যাঁরা নতুন বাড়ি নির্মাণ, বাড়ির এক্সটেনশন, সংস্কার কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানের ইন্টেরিয়র ডিজাইনের পরিকল্পনা করছেন, তাঁরা অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে প্রাথমিক আলোচনা করতে পারবেন। পাশাপাশি উদ্যোক্তারা সম্ভাব্য গ্রাহক, সাপ্লাইয়ার ও সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ গড়ে তোলার সুযোগ পাবেন।
উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে হাউজিং, কর্মসংস্থান ও নির্মাণ ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ আলোচনা এবং প্যানেল সেশন।
দুপুর আড়াইটা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে “হাউ টু বাই এ প্রোপাটিং ইন দ্যা ইউকে : ফার্স্ট টাইম বায়ার” (যুক্তরাজ্যে প্রথমবার বাড়ি কিনবেন যেভাবে)’ শীর্ষক সেমিনার। এতে যুক্তরাজ্যে প্রথমবার বাড়ি কেনার প্রস্তুতি, ডিপোজিটের জন্য সঞ্চয়, মর্টগেজের বিভিন্ন বিকল্প, বাড়ি কেনার প্রক্রিয়া, আইনি ফি, সার্ভে এবং স্ট্যাম্প ডিউটিসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।
এ ছাড়াও “বিল্ড ইউর ক্যারিয়ার ইন দ্যা ইউকে” শীর্ষক সেশনে চাকরি খোঁজার কৌশল, দক্ষতা ও অভিজ্ঞতা উপস্থাপন, সিভি তৈরি ও হালনাগাদ এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। শিক্ষার্থী, নতুন গ্র্যাজুয়েট, চাকরিপ্রার্থী এবং পেশা পরিবর্তনে আগ্রহীদের জন্য এ সেশন বিশেষভাবে উপযোগী হবে বলে আয়োজকেরা আশা করছেন।
চাকরিপ্রার্থীদের জন্য উৎসবে বিশেষ সিভি বক্স রাখা হবে। এতে আগ্রহীরা তাঁদের লেইটেস্ট সিভি জমা দিতে পারবেন। এ জন্য চাকরিপ্রার্থীদের সিভির কপি সঙ্গে নিয়ে আসার অনুরোধ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
নির্মাণশিল্পে আগ্রহীদের জন্য থাকছে ‘বিল্ড দ্য ফিউচার : কন্সট্রাকশন ম্যানেজমেন্ট” শীর্ষক আলোচনা। এতে নির্মাণ প্রকল্পের পরিকল্পনা, বাজেট, সময় ব্যবস্থাপনা, কাজের মান ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হবে।
পাশাপাশি ‘বিলডিং সেফটি এন্ড সাসটেইনেবিলিটি’ অংশে ভবনের নিরাপত্তা, পরিবেশবান্ধব নির্মাণ, জ্বালানি সাশ্রয়, নির্মাণবর্জ্য হ্রাস এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনা হবে।
উৎসবে ব্যবসা ও শিক্ষানবিশদের অবদানের স্বীকৃতি প্রদান এবং দর্শনার্থীদের বিনোদনের জন্য লাইভ কনসার্টের আয়োজনও থাকছে।
আয়োজকেরা জানিয়েছেন, এ উৎসব শুধু প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও পেশাজীবীদের জন্য নয়; বরং নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, তরুণ-তরুণী, চাকরিপ্রার্থী এবং বিভিন্ন পটভূমির মানুষের জন্য উন্মুক্ত। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে যাঁরা যুক্তরাজ্যে নতুনভাবে ক্যারিয়ার গড়তে চান, তাঁরাও উপকৃত হতে পারবেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রতি ফ্যাস্টিবল আয়োজনের সংবাদ কমিউনিটির কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। আয়োজকেরা এই উৎসব ব্রিটিশ বাংলাদেশি নির্মাণ ও হাউজিং খাতের পেশাজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে নতুন যোগাযোগ ও সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন।


