যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের পরিকল্পনা : বাংলাদেশে শাকসবজির পচন ও অপচয় রোধে ১ হাজার সৌরবিদ্যুৎচালিত হিমাগার স্থাপনের উদ্যোগ
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬
দেশ রিপোর্ট, ২০ নভেম্বর ২০২৬ : বাংলাদেশে কৃষিপণ্যের পচন ও অপচয় রোধ এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে দেশজুড়ে ১ হাজার সৌরবিদ্যুৎচালিত কোল্ড-স্টোরেজ (হিমাগার) স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে । যুক্তরাজ্যভিত্তিক জলবায়ুপ্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়ন সংস্থা জিরো ওয়েস্ট হারভেস্ট এ উদ্যোগ গ্রহণ করেছে । প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশের প্যাসিফিক সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি লিমিটেড এবং আইএড্রয়েট টেক বিডি লিমিটেড সহযোগিতা করবে। এই প্রকল্পের আওতায় আপাতত দেশের কৃষিপ্রধান অঞ্চলের বড় বড় বাজারগুলোতে কোল্ড স্টোরেজ (হিমাগার) তৈরি করা হবে। যাতে স্থানীয় কৃষকরা কৃষিপণ্য যেমন- টমেটো, আলু, কদু, মুলা, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি বাজারে নিয়ে বিক্রি না করতে পারলে পচে যাওয়ার ভয়ে কমদামে বিক্রি করতে হবেনা। তারা অবিক্রিত কৃষিপণ্য শাকশবজি ন্যুনতম একটা ফি দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য নিরাপদে রেখে দিতে পারবেন। যখন পণ্যের দাম বাড়বে তখন তারা হিমাগার থেকে নিয়ে আবার বিক্রি করতে পারবেন।
২০ নভেম্বর শুক্রবার বিকেলে লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রজেক্টের বিস্তারিত তুলে ধরেন জিরো ওয়েস্ট হারভেস্ট’র চেয়ারম্যান ও বাংলা টাউন ক্যাশ এন্ড ক্যারির স্বত্তাধিকারি মো: রফিক হায়দার। এসময় বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্যাসিফিক সোলারের ম্যানেজিং ডাইরেক্টর ও জিরো ওয়েস্ট হারভেস্ট-এর সিইও ইব্রাহিম লোদী এবং আইএড্রয়েট টেক বিডি লিমিটেড এর ডাইরেক্টর ইমরান চৌধুরী।
জনাব রফিক হায়দার বলেন, বাংলাদেশে প্রতিবছর শুধু শাকসবজি সংগ্রহের পর নষ্ট হওয়ার কারণে প্রায় ২৪০ কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয় । আধুনিক সংরক্ষণব্যবস্থার অভাব, পর্যাপ্ত হিমাগার না থাকা এবং দুর্বল সরবরাহ অবকাঠামো এ ক্ষতির অন্যতম কারণ। এসব সমস্যা মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিনির্ভর আধুনিক হিমাগার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জিরো ওয়েস্ট হারভেস্ট ইতোমধ্যে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তরের সঙ্গে একটি চুক্তিপত্র স্বাক্ষর করেছে। এর আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে এক হাজার সৌরবিদ্যুৎচালিত হিমাগার স্থাপনের উদ্যোগ এগিয়ে নেওয়া হবে।
প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে ফলমূল, শাকসবজি ও অন্যান্য দ্রুত পচনশীল কৃষিপণ্য দীর্ঘ সময় সংরক্ষণের সুযোগ সৃষ্টি হবে । এতে কৃষকরা ফসল সংগ্রহের পরপরই কম দামে বিক্রি করতে বাধ্য হবেন না। বাজার পরিস্থিতি বিবেচনায় সুবিধাজনক সময়ে পণ্য বিক্রির সুযোগ পেলে তাঁদের আয় বাড়বে বলে আশা করা হচ্ছে।
এ উদ্যোগের কারিগরি সহযোগী হিসেবে প্যাসিফিক সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি লিমিটেডকে নির্বাচন করা হয়েছে। প্রতিষ্ঠানটি জাতিসংঘের ক্লাইমেট টেকনোলজি সেন্টার অ্যান্ড নেটওয়ার্কের মাধ্যমে আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা গ্রহণ করবে।
প্রকল্পে অত্যাধুনিক সৌরবিদ্যুৎ উৎপাদনব্যবস্থা, উন্নত শীতলীকরণ প্রযুক্তি, তাপীয় শক্তি সংরক্ষণ এবং স্মার্ট মনিটরিং প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের আবহাওয়া ও কৃষি পরিস্থিতির উপযোগী, বিদ্যুৎসাশ্রয়ী এবং পরিবেশবান্ধব হিমাগার গড়ে তোলাই এর প্রধান লক্ষ্য।
সংবাদ সম্মেলনে প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করতে জিরো ওয়েস্ট হারভেস্ট, প্যাসিফিক সোলার এবং আইএড্রয়েট টেক বিডি লিমিটেড একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগ, প্রযুক্তিগত দক্ষতা এবং স্থানীয় বাস্তবায়ন সক্ষমতার সমন্বয় ঘটানো হবে।
বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ক্ষুদ্র ও গ্রামীণ কৃষকদের সুবিধার বিষয়টি। প্রস্তাবিত ব্যবস্থায় কৃষকরা বড় অঙ্কের বিনিয়োগ ছাড়াই প্রয়োজন অনুযায়ী অর্থ পরিশোধ করে হিমাগার ব্যবহার করতে পারবেন। এতে কৃষি সমবায় ও গ্রামীণ উদ্যোক্তারাও উপকৃত হবেন।
উদ্যোক্তাদের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষিপণ্যের অপচয় উল্লেখযোগ্যভাবে কমবে, কৃষকদের বাজারে প্রবেশাধিকার বাড়বে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, পরিবেশ সুরক্ষা এবং বাংলাদেশের জলবায়ুসংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জিরো ওয়েস্ট হারভেস্টের মতে, ফসল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উৎপাদিত পণ্য যথাযথভাবে সংরক্ষণ নিশ্চিত করা জরুরি । কৃষকের কষ্টার্জিত ফসল রক্ষা এবং ন্যায্য আয় নিশ্চিত করার মধ্য দিয়েই একটি টেকসই ও জলবায়ু সহনশীল কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তোলা সম্ভব। সংবাদ সম্মলেনের শেষ দিকে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।


