শেফ’স ফেডারেশন অব বাংলাদেশ সিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৫

শেফ’স ফেডারেশন অব বাংলাদেশ, সিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ইন্টারন্যাশনাল শেফ’স ডে উপলক্ষে রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট শেফ হাবিবুর রহমান জহির ও জেনারেল সেক্রেটারি শেফ বোরহান খান। তারা যৌথভাবে সিলেট ডিভিশনের ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে শেফ মো. জসিম উদ্দিন সভাপতি এবং শেফ চৌধুরী জুমান জহির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া গুরুত্বপূর্ণ অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন-সিনিয়র সহসভাপতি শেফ আবুল কালাম, সহসভাপতি শেফ সেলিম আহমেদ ও শেফ ইসলাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেফ সাইফুল ইসলাম খান ও শেফ মাহফুজ ই এলাহী, কোষাধ্যক্ষ: শেফ রেজান হোসেইন রমি, সাংগঠনিক সম্পাদক শেফ জাহেদ উদ্দিন চৌধুরী, সহ–সাংগঠনিক সম্পাদক শেফ তোফায়েল আহমেদ। বাকি পদগুলোতেও বৃহত্তর সিলেট অঞ্চলের অভিজ্ঞ ও দক্ষ শেফদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃহত্তর সিলেটের শেফদের নিয়ে একটি শক্তিশালী পেশাদার নেটওয়ার্ক গড়ে তোলা এবং তরুণ ও শিক্ষার্থী শেফদের দক্ষতা ও পেশাগত উন্নয়নে দিকনির্দেশনা দেওয়াই এই সংগঠনের মূল লক্ষ্য।
তারা আরও বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলে আন্তর্জাতিক রন্ধনশিল্পে দক্ষ শেফদের চাহিদা দিন দিন বাড়ছে। ফলে সিলেটের তরুণদের এই পেশায় আগ্রহী করে তোলা এবং তাদের আন্তর্জাতিক মানের ক্যারিয়ার গঠনে সহায়তা করাই সংগঠনটির অন্যতম উদ্দেশ্য। সংবাদ বিজ্ঞপ্তি

