ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৬তম আসর বসছে ১৮ নভেম্বর : চলছে প্রস্তুতি
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫
দেশ ডেস্ক, ৫ নভেম্বর ২০২৫: ‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র প্রকাশনা ও অ্যাওয়ার্ডস-এর ১৬তম আসর বসতে যাচ্ছে ১৮ নভেম্বর মঙ্গলবার লন্ডনের অভিজাত মেরিডিয়ান গ্র্যান্ড হলে । আয়োজন নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি। এ উপলক্ষ্যে ৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়ে ‘মিট দ্যা প্রেস’ ।
ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে এবারের আয়োজনের প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরনের ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র প্রবর্তক বাংলা মিরর সম্পাদক আব্দুল করিম গণি।
বক্তব্য রাখেন সাংবাদিক কেএম আবু তাহের চৌধুরী, সৈয়দ নাহাস পাশা, নবাব উদ্দিন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, কমিউনিটি নেতা আজিজ চৌধুরী, হুজহু অ্যাওয়ার্ডস পরিচালনা পর্ষদের সদস্য আহাদ আহমদ, বৃটিশ বাংলাদেশী হুজহু ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক সুহানা আহমদ, সাংবাদিক আব্দুল কাইয়ূম, সাংবাদিক জাকির হোসেন কয়েস, সাংবাদিক হাফসা নূর, সাংবাদিক রাজিব হাসান, সাংবাদিক শাহেদ রহমান, কাউন্সিলর সাঈদা চৌধুরী, চ্যারিটি পার্টনার জাইমাহ পাউন্ডিং প্রভার্টির ট্রাস্টি মুসায়েন কুরেশী । এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিক, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে হুজহু’র প্রতিষ্ঠাতা আব্দুল করিম গণি জানান, নতুনত্ব নিয়েই আমাদের এই প্রকাশনা প্রতিবছর আপনাদের সামনে উপস্থাপন করে আসছি । হুজহু’র ২০২৫ সালের এই প্রকাশনায় বরাবরের মতো স্থান পেয়েছেন- রাজনীতি,” সিভিল সার্ভিস, ব্যবসা, মিডিয়া, সমাজসেবা এবং সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সফল ব্রিটিশ-বাংলাদেশীরা।
তিনি আরো বলেন, ব্রিটেনের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্রিটিশ-বাংলাদেশীদের পরিচয় করিয়ে দিতে হুজহু’র এটি ধারাবাহিক প্রয়াস । প্রকাশনার দীর্ঘ ১৫ বছর অতিক্রম করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং সবার সহযোগিতা থাকলে আমাদের এই প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। এই উদ্যোগ শুধুমাত্র সফল মানুষদের পরিচিতি তুলে ধরা নয়, বরং ভবিষ্যত প্রজন্মকে শেকড়ের সাথে সেতুবন্ধন এবং ভালো কাজে উৎসাহ প্রদান ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি।
তিনি আরো বলেন, হুজহু’র প্রকাশনায় আমাদের কমিউনিটির যোগ্যতা সম্পন্ন সফল ও সৃজনশীল মানুষদের কর্ম তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অনেক মেধা, কষ্ট ও শ্রমের বিনিময়ে যারা এই কমিউনিটিকে ব্রিটেনের মূলধারায় নিয়ে এসেছেন, তাদের ঘাম ঝরানোর গল্প ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করে আসছি। এ সময় তিনি জানান, এবারও বেশ কয়েকটি ক্ষেত্রে হাইপ্রোফাইল সফল ব্যক্তিদেরকে হুজহু এওয়ার্ড প্রদান করা হবে।
প্রেস ক্লাব সেক্রেটারি তাইসির মাহমুদ বলেন, কোনো কিছু সহজেই শুরু করা যায়, কিন্তু ধরে রাখা কঠিন । বাংলা মিরর সংবাদ আবদুল করিম গণি আজ থেকে ১৫ বছর আগে যখন হুজহু’র প্রকাশনা শুরু করেন তখন হয়তো তিনি ভাবেননি, এটি আজ ১৫ বছর পার করে ১৬ বছরে পদার্পণ করবে । এটা সম্ভব হয়ে তাঁর নিষ্ঠা, একাগ্রতা, টিম ওয়ার্ক ও কমিউনিটির মানুষের ভালোবাসার কারণে । আমরা আশাবাদী থাকবো এই হুজহুর প্রকাশনা যুগযুগ অব্যাহত
থাকবে।
সুহানা আহমেদ বলেন, ব্রিটিশ-বাংলাদেশী হুজহু-এর প্রকাশনার ১৬তম আসর বসতে যাচ্ছে এ বছর। নানা চড়াই-উৎরাই পেরিয়ে ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির প্রত্যাশা পূরণে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে প্রকাশনাটি। একটি প্রকাশনার গ্রহণযোগ্যতার প্রশ্নে দীর্ঘ দেড় দশক টিকে থাকতে দরকার হয় কিছু মৌলিক শক্তির । যে শক্তির বলে তুলে আনা যায় কমিউনিটির পেছনের খবর, আর উন্মোচন করা যায় নেপথ্যের আলোকিত মুখদের। আস্থায়, গ্রহণযোগ্যতায় ও ভালোবাসায় এ যাত্রায় যারা নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল এস, জি টেন ডিজাইন এন্ড প্রিন্টার্স, আমেজী মিডিয়া। পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় মেরিডিয়ান গ্রান্ড, ইভেন্ট পরিচালনায় পার্ল এডভারটাইজিং এবং একমাত্র চ্যারিটি পার্টনার হিসেবে রয়েছে- যাইমাহ পাউন্ডিং প্রভার্টি ।
স্পন্সরে রয়েছে, ইউরো ফুড গ্রুপ, স্কয়ার মাইল ইনসুরেন্স, পার্পল আই লিমিটেড, প্রাইম এস্টেট এজেন্ট, কিচেন বাথরুম লিমিটেড, ড্রিম স্পা, এপেক্স একাউন্টেন্সী ও মিড নাইট গার্ডেন । এছাড়াও বিজ্ঞাপন সহযোগীরা হচ্ছে- ওয়ার্ক পারমিট ক্লাউড, ট্যালেন্টিফাই স্টেইট এজেন্ট, এফবিএ ইউকে লিমিটেড, ইমপ্রেস মিডিয়া, সাফকো ফাইন ফুড লিমিটেড এবং কামলা ।

