বিবিপিবিএ’র ব্যতিক্রমী উদ্যোগ : আইন বিষয়ে উচ্চ শিক্ষা লাভে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে প্রতীকী জামিন শুনানী
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫
দেশ ডেস্ক, ১০ ডিসেম্বর ২০২৫: আইন বিষয়ে উচ্চ শিক্ষা লাভে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে এই প্রথমবারের মতো এক মট প্রতিযোগিতা (প্রতীকী জামিন শুনানী) আয়োজন করে ব্রিটিশ বাংলাদেশী প্রাকটিসিং ব্যারিস্টার্স অ্যাসোসিয়েশন (বিবিপিবিএ) । ৬ ডিসেম্বর শনিবার দুপুরে পূর্ব লন্ডনের স্টিফোর্ড কমিউনিটি সেন্টারের একটি রুমকে কোর্ট রুমের আদলে সজিয়ে এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়েজন করা হয় । গায়ে ব্যারিস্টারের গাউন ও মাথায় উইগ পরে তি বিচারক প্যানেলের সামনে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে একজন প্রতীকী আসামীর জামিন শুনানীতে অংশগ্রহণ করেন।
ডানিয়েল কপারফিন্ড নামক ২১ বছর বয়সী এক যুবক যে ডাকাতির অভিযোগে গ্রেফতার হয়েছে তার জামিন মঞ্জুর করার পক্ষে শিক্ষার্থীরা ম্যাজিস্ট্রেট কোর্টে তিন বিচারকের সামনে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে ।
বিচারকের ভুমিকা পালন করেন চার্চ কোর্ট চেম্বার্স এর পার্টনার ব্যারিস্টার সুমিতা মাহতাব ও ব্যারিস্টার মোহাম্মদ বশির ও ৩৩ ব্যাডফোর্ড রো চেম্বারের ব্যারিস্টার সৈয়দ আফজাল জামি।
শিক্ষার্থীদের মধ্যে অংশগ্রহণ করেন সাফা আলী, আমিরা খান, আলিয়া খান, আরা আঞ্জুম স্মিথ, লায়লা আঞ্জুম স্মিথ, রাজে রায়হান হাসান, ইয়াসমিন রিশি বাউল ও উনাইসা রহমান।

প্রতীকী বিচার শুনানী শেষে অংশগ্রহণকারিদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয় । জামিন শুনানীতে পর্যবেক্ষক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটেনের ক্রাউন কোর্টের সিনিয়র বিচারক স্বপ্নারা খাতুন এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ ।
প্রতিযোগিতার সার্বিক আয়োজনে ছিলেন ব্রিটিশ-বাংলাদেশী প্রাকটিসিং ব্যারিস্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য ব্যারিস্টার ইসলাম খান ও ব্যারিস্টার ফারিয়া নওশিন।
ব্যারিস্টার ইসলাম খান বলেন, তাঁরা যখন আইন বিষয়ে পড়ছিলেন তখন এ ধরনের কোনো সুযোগ ছিলো না। তাই বাংলাদেশী কমিউনিটিতে আইনশাস্ত্রে উচ্চতর ডিগ্রী নিতে আগ্রহীদের জন্য স্কলারশীপসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিতে চায় তাঁদের সংগঠন।
তাদের পরিকল্পনা আগামীতে একটি ম্যাজিস্ট্রেট কোর্ট হায়ার করে সেখানে এভাবে প্রতীকী বিচার শুনানী আয়োজন করা, যাতে আদালতে কীভাবে বিচারকার্য পরিচালিত হয়- তা দেখে প্রাকটিক্যাল ধারণা নিতে পারে বৃটিশ বাংলাদেশী শিক্ষার্থীরা।

