সাপ্তাহিক বাংলা পোস্টের সাবেক ম্যানেজিং ডিরেক্টর এ এস মোহাম্মদ সিংকাপনী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫
সাপ্তাহিক বাংলা পোস্ট পত্রিকার সাবেক ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব এ এস মোহাম্মদ চৌধুরী সিংকাপনী স্মরণে গত ২২ ডিসেম্বর (সোমবার) পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলা পোস্টের অনারারি চেয়ারম্যান শেখ মো. মফিজুর রহমানের সভাপতিত্বে এবং পত্রিকার সাবেক প্রধান সম্পাদক কে এম আবু তাহের চৌধুরীর পরিচালনায় আয়োজিত সভায় মরহুমের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন পত্রিকার ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক তাজ চৌধুরী, সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, কমিউনিটি নেতা সৈয়দ নুরুল ইসলাম দুলু, শফিক আহমদ, বাংলা পোস্টের হেড অব প্রোডাকশন সালেহ আহমদ, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আব্দুল কুদ্দুছ, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, এম এ রব, হাজী আবুল বাশার, কাউন্সিলার আবু তালহা চৌধুরী, সাংবাদিক আব্দুল ক্বাইয়ুম, সাংবাদিক আব্দুল হান্নান, সৈয়দ রফিকুল হক প্রমুখ।
বক্তারা বলেন, আলহাজ্ব এ এস মোহাম্মদ সিংকাপনী ছিলেন একজন নিবেদিত সংবাদপত্রসেবী, দাতা ও বিশিষ্ট সমাজসেবী। তিনি মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন চ্যারিটেবল সংগঠনে লাখ লাখ টাকা দান করে গেছেন। তিনি লন্ডনের পিকাডেলি মসজিদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি, সিংকাপনী মাওলানা ব্রাদার্স অ্যান্ড সন্স ট্রাস্টের সভাপতি, স্কুল গভর্নর এবং যুক্তরাজ্যের ক্যাটারিং ব্যবসার অন্যতম পথিকৃৎ ছিলেন।
বক্তারা আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালে তিনি একজন প্রবাসী সংগঠক ও দাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সততা, পরোপকারিতা, ধর্মভীরুতা ও দানশীলতা ছিল তাঁর চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। তিনি সিংকাপনী মাওলানা পরিবারের একজন গর্বিত সন্তান ছিলেন।
সভায় অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে মরহুমকে স্মরণ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়। শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন মুফতি সৈয়দ মাহমুদ আলী। সংবাদ বিজ্ঞপ্তি

