প্রবাসী সম্মাননা পেলেন সাংবাদিক মুহাম্মদ রহমত আলীর
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫
ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অধিকার আদায়, সাংবাদিকতা, সাহিত্যচর্চা এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের সফল কমিউনিটি ব্যক্তিত্ব সাংবাদিক মুহাম্মদ রহমত আলীকে ‘প্রবাসী সম্মাননা–২০২৫’ প্রদান করা হয়েছে।
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠান গত ২৭ ডিসেম্বর সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছয়টি ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মোট ১০৩ জন সফল প্রবাসীকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে যুক্তরাজ্যের সফল কমিউনিটি ব্যক্তিত্ব ক্যাটাগরিতে মুহাম্মদ রহমত আলী এই সম্মাননা অর্জন করেন। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে আরও কয়েকজন যুক্তরাজ্যপ্রবাসীও সম্মাননা লাভ করেন।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান। সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, পুলিশ সুপার কাজী আখতারুল আলম, ব্যারিস্টার নাজির আহমদ ও ড. ওয়ালি তসর উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা।
দীর্ঘ সাংবাদিকতা জীবনের পাশাপাশি যুক্তরাজ্যে সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকারভিত্তিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার মাধ্যমে মুহাম্মদ রহমত আলী প্রবাসী বাংলাদেশিদের কণ্ঠস্বর হিসেবে সুপরিচিত। তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমানে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (ইউকে শাখা)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি দর্পণ বুক লন্ডন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর ভাইস প্রেসিডেন্ট এবং দর্পণ টিভি ইউকে-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। মানবিক ও সমাজসেবামূলক ক্ষেত্রেও তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি প্রবাসী বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ও সিলেট হার্ট ফাউন্ডেশন-এর ট্রাস্টি। পাশাপাশি বিশ্বনাথ ওয়ান পাউন্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডোনার সদস্য এবং আর এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
স্থানীয় গণমাধ্যম বিকাশেও তাঁর ভূমিকা স্মরণীয়। তিনি বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রবাসী ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এদিন সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানেও মুহাম্মদ রহমত আলী প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন।

