সুনামগঞ্জে পাওনা টাকার জেরে হত্যা, ৫ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬
সিলেট প্রতিনিধি:: সুনামগঞ্জের তাহিরপুরে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে সোনা মিয়া হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে তাহিরপুর থানা পুলিশ গ্রেফতারকৃতদের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এর আগে রবিবার (১১ জানুয়ারি) র্যাব পৃথক অভিযান চালিয়ে সুনামগঞ্জের তেঘরিয়া এলাকা থেকে তিনজন এবং মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে আরও দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন-তাহিরপুর থানার হলহলিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জহুর মিয়া (৪২), আব্দুল মোতালিবের ছেলে বিল্লাল মিয়া (৩৪), আমীর আলীর ছেলে শাহজাহান (৩৬)। এছাড়া সদর থানার মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার হন হলহলিয়া গ্রামের আমীর আলীর ছেলে আল আমিন (৩২) ও শাহ করিম (৩৪)।
র্যাব জানায়, নিহত সোনা মিয়ার ছেলে আব্দুর রহমানের কাছে আসামি নজির হোসেনের পাওনা ১ হাজার ৫০০ টাকা ছিল। এ টাকা আদায়ের জন্য গত ২১ সেপ্টেম্বর রাতে নজির হোসেন সোনা মিয়ার বাড়িতে যান। এ সময় পাওনা টাকা নিয়ে আব্দুর রহমানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
এরই জেরে পরদিন ২২ সেপ্টেম্বর সকালে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসামিরা সোনা মিয়ার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। হামলার সময় সোনা মিয়া বাধা দিলে তার মাথা, ডান পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোনা মিয়াকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ অক্টোবর ভোরে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

