রমজানে মুসল্লিদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ইস্ট লন্ডন মসজিদের ব্যাপক প্রস্তুতি
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৬
লন্ডন, ১৮ ফেব্রুয়ারি ২০২৬: প্রতি বছরের মতো এবারও রমজানে মুসল্লিদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইস্ট লন্ডন মসজিদ। প্রতিদিন ১০ হাজারের বেশি মুসল্লি নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। তারাবিহর নামাজ পড়াতে বিভিন্ন দেশ থেকে এসেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফিজ ও আলেমগণ। মাসজুড়ে মুসল্লিদের জন্য থাকছে বিষয়ভিত্তিক আলোচনা, ফ্রি ইফতার, ই’তেকাফ, ফিতরা প্রদানের ব্যবস্থা ও ঈদুল ফিতরের জামাতসহ নানা আয়োজন।
গত ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ইস্ট লন্ডন মসজিদের মূল হলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রমজানের প্রস্তুতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন মসজিদের চেয়ারম্যান ডক্টর আব্দুল হাই মুর্শেদ ও সিইও জুনায়েদ আহমদ।
তারাবিহর ইমাম:
এবার ৫ জন ইমাম তারাবিহর নামাজ পড়াচ্ছেন। এই ৫ জন হলেন-শায়খ মু’তাজ আল গানাম, শায়খ হাজেম সাইফ, ইস্ট লন্ডন মসজিদের সিনিয়র ইমাম সৈয়দ আনিসুল হক, শায়খ আবদুর রহমান ইব্রাহিম এবং অতিথি খতিব ব্রিটিশ সোমালিয়ান শায়খ জামাল আবদুন নাসের।
শায়খ হাজেম সাইফ আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে কিরাতে উচ্চশিক্ষা লাভ করেন এবং দশ কিরাতে কুরআন তিলাওয়াতে পারদর্শী। তিনি মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত একটি মাদ্রাসার হিফজ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইফতার আয়োজন:
গত বছরের মতো এবারও প্রতিদিন ১০০০ মানুষের ইফতারের ব্যবস্থা থাকছে। ইস্ট লন্ডন মসজিদের নিচতলায় পুরুষদের এবং দ্বিতীয় তলায় মহিলাদের জন্য ইফতারের ব্যবস্থা থাকবে। যেকোনো রোজাদার এসে ইফতার করতে পারবেন। অনেকেই এই ইফতার স্পনসর করে থাকেন। জনপ্রতি ৩ পাউন্ড করে দান করে যে কেউ ইফতার আয়োজনের সহযোগিতা করে অশেষ পুণ্যের অংশীদার হতে পারেন। কেউ চাইলে এককালীন ১৫০০ পাউন্ড প্রদান করে ৫০০ রোজাদারকে অথবা ৩০০০ পাউন্ড দান করে ১০০০ রোজাদারকে একবেলা ইফতার করাতে পারেন।
ই’তেকাফ:
রামাদানের শেষ ১০ দিন ইস্ট লন্ডন মসজিদে ই’তেকাফ করার জন্য মানুষের আগ্রহের শেষ নেই। এ বছর ৬০ জন ইতেকাফের সুযোগ পাবেন। তবে চাহিদার তুলনায় জায়গা কম হওয়ায় লটারির মাধ্যমে আসন বরাদ্দ দেওয়া হবে। গত ২ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। ৪ শতাধিক আবেদন জমা হয়েছে বলে জানা গেছে। ২৮ ফেব্রুয়ারি তারাবিহ নামাজের পর লটারির মাধ্যমে আসন বরাদ্দ দেওয়া হবে।
কুরআন ও হাদিসের আলোচনা:
প্রতিদিন বাদ আসর মসজিদের মূল হলে দরসে হাদিস অনুষ্ঠিত হবে। তাছাড়া এশার জামাত শুরু হওয়ার আগে প্রতিরাতে তারাবিহর নামাজে যতটুকু কুরআন তিলাওয়াত করা হবে, ততটুকুর সংক্ষিপ্ত অনুবাদসহ তাফসির করা হবে, যাতে মুসল্লিরা তিলাওয়াতের বিষয়বস্তু সম্পর্কে ধারণা পান।
রামাদান ক্যালেন্ডার:
প্রতিবারের মতো এবারও রামাদান ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। ক্যালেন্ডারের প্রিন্ট কপি মসজিদের রিসেপশনে বিনামূল্যে পাওয়া যাচ্ছে। তাছাড়া ডিজিটাল কপি মসজিদের ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করা যাবে।
লাইভ চ্যারিটি অ্যাপিল:
২৮ ফেব্রুয়ারি শনিবার চ্যানেল এস-এ লাইভ ফান্ডরেইজিংয়ে অংশ নেবে ইস্ট লন্ডন মসজিদ। বিকেল ৩টা থেকে ফজর পর্যন্ত চ্যারিটি অ্যাপিল অনুষ্ঠিত হবে।
চ্যারিটির জন্য ফান্ডরেইজিং:
মাসজুড়ে বিভিন্ন চ্যারিটি সংগঠনের জন্য ফান্ডরেইজিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন বাদ জোহর ও তারাবিহর নামাজের পর ফান্ডরেইজিং হবে।
ফিতরা:
ইস্ট লন্ডন মসজিদ ফিতরার অর্থ সংগ্রহ করে যথাযথভাবে গরিব মানুষের মধ্যে বণ্টন করে থাকে। এ বছর ফিতরার পরিমাণ ধার্য করা হয়েছে জনপ্রতি ৮ পাউন্ড। শিশুসহ পরিবারের সকল সদস্যের ফিতরা আদায় করা অপরিহার্য। ফিতরা রামাদানের শুরুতেই প্রদান করা উত্তম, যাতে গরিব মানুষ ঈদের আনন্দে শরিক হওয়ার সুযোগ পায়। তবে ২০ রামাদানের মধ্যে ফিতরার অর্থ মসজিদে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। মসজিদের রিসেপশনে অথবা নির্ধারিত দানবাক্সে দেওয়া যাবে। তাছাড়া অনলাইনে দেওয়ার সুযোগও রয়েছে। কেউ সময়মতো দিতে না পারলে ঈদের দিন নামাজের আগে অবশ্যই আদায় করতে হবে। এ বছর মসজিদে ঈদের জামাতে ফিতরার অর্থ সংগ্রহ করা হবে না।
ঈদুল ফিতর:
এবার ৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে, তৃতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে এবং চতুর্থ জামাত সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, রামাদানে তারাবিহর নামাজের সময় ফিল্ডগেট স্ট্রিটসহ আশপাশের অন্যান্য রাস্তায় অহেতুক জটলা না করার জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। কারণ এতে পথচারী ও স্থানীয় বাসিন্দারা দুর্ভোগের শিকার হন।

