মানচেস্টার থেকে লন্ডন হেঁটে দাতব্য তহবিল সংগ্রহে মিলাদ সারওয়ার
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৬
পবিত্র রমজান মাসে এক ব্যতিক্রমী ও কষ্টসাধ্য উদ্যোগ গ্রহণ করেছেন ব্রিটিশ-বাংলাদেশি তরুণ মিলাদ সারওয়ার। দাতব্য কাজের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে তিনি বন্ধু এডাম খানকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের মানচেস্টারের ওল্ডহাম থেকে লন্ডন পর্যন্ত হেঁটে যাত্রা সম্পন্ন করেছেন।
বাংলাদেশে ঘরহীন মানুষের জন্য বাসস্থান নির্মাণে সহায়তা করাই ছিল তাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রায় দুই শত কিলোমিটার দীর্ঘ পথ তারা এক সপ্তাহে হেঁটে অতিক্রম করেন।
মিলাদ সারওয়ার জানান, মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের এই কর্মসূচির লক্ষ্য। বিশেষ করে বাংলাদেশের গৃহহীন মানুষের জন্য ঘর নির্মাণে তহবিল সংগ্রহের উদ্দেশ্যেই এই পদযাত্রার আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, ব্রিটেনে বেড়ে ওঠা তরুণ প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার জন্য তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।
এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিনি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারেও এই ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি

