গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৬
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত ২০ এপ্রিল সোমবার সন্ধ্যায় উত্তর লন্ডনের একটি স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. অহিদ উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুলতান আহমেদ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আনোয়ার হুসাইন রাকিব।
পরবর্তীতে নির্ধারিত এজেন্ডা অনুযায়ী সভায় বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে পর্যালোচনা করা হয়। দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, কমিউনিটির উন্নয়ন, এবং নিজ গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, ভবন ও বসতবাড়ির উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাজ্যে বসবাসরত কমিউনিটির বর্তমান পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়।
সভায় উপস্থিত ট্রাস্টিরা নিজ নিজ মতামত ও উদ্বেগ তুলে ধরেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন এবাদ হুসাইন, আব্দুল আলিম হাকিম, মনোয়ার আহমেদ, দুলাল আলম, মাহবুব আলম, নাঈমুর ইসলাম জাহাঙ্গীর, ময়নুল ইসলাম, ফখরুল ইসলাম, রউসন আহমেদ, গুলজার হুসাইন, আবুল আজাদ, আবুল ফাত্তাহ, ছমির উদ্দিন, সালেহ আহমেদ সেলিম, মারুফ আহমেদ, সুফিয়ান আহমেদসহ আরও অনেকে।
সভায় সভাপতি মো. অহিদ উদ্দিন একটি প্রস্তাবনা পাঠ করেন, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। একই সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যে একটি দ্বিবার্ষিক সাধারণ সভা (বিজিএম) আয়োজনের ঘোষণা দেওয়া হয়, যেখানে বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। এ উপলক্ষে একটি নির্বাচন কমিশন গঠনের জন্য নির্বাহী কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়।
সমাপনী বক্তব্যে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং বিশেষভাবে বার্মিংহাম থেকে আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে সকলের জন্য নৈশভোজের আয়োজন করা হয়, যা ঈদের আনন্দকে আরও উজ্জ্বল করে তোলে। সংবাদ বিজ্ঞপ্তি


