বিশিষ্ট সাংবাদিক এম জি কিবরিয়াকে সম্মাননা প্রদান
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২৬
ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে শিক্ষা, সমাজসেবা ও গণমাধ্যমে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ এম জি কিবরিয়াকে বিশেষ সম্মাননা প্রদান করেছে ব্রিটিশ-বাংলাদেশি চ্যারিটি সংগঠন আর এ ফাউন্ডেশন।
এম জি কিবরিয়া বর্তমানে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (নেবট্রা) ও লিডস বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট, চেতনা সমাজকল্যাণ সংস্থা যুক্তরাজ্যের চেয়ারম্যান, চ্যানেল এস টেলিভিশনের ইয়র্কশায়ার ব্যুরো প্রধান এবং প্রথম আলোর সাবেক যুক্তরাজ্য প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ৩ মে রোববার, ইস্ট লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর এ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট, প্রবীণ সাংবাদিক রহমত আলী।
বাংলাদেশি টিচার্স অ্যাসোসিয়েশন ইউকের ট্রেজারার প্রফেসর মিসবাহ কামালের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও এলবিটিভির উপস্থাপক এনাম চৌধুরী, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, সাংবাদিক তাওহিদ আহমদ, কমিউনিটি নেতা ফারুক মিয়া ও আবুল বাশার প্রমুখ।
বক্তারা এম জি কিবরিয়ার ধারাবাহিক অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে সিলেট বিভাগে শিক্ষার প্রসারে তার মরহুম বাবা, বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল মঈনুল ইসলামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি


