সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফ গোলাগুলি, সতর্ক
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৬
দেশ ডেস্ক:: অহেতুক কয়েক রাউন্ড গুলি ছোড়ায় সিলেট সীমান্তে বিজিবি ও বিএসএফ’র মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার বিকালে গোয়াইনঘাট উপজেলার সোনাহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি জওয়ানরা। এ ঘটনায় সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বিজিবি জানিয়েছে- সোমবার বিকালে সোনাহাট সীমান্ত এলাকায় বিএসএফ সীমান্তের দিকে গুলি ছুড়লে বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলি করে। এ সময় দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে রাতে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন ৪৮ বিজিবি’র কর্মকর্তারা। সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন গণমাধ্যমকে জানিয়েছেন- বিএসএফ বাংলাদেশ সীমান্তে কোনো কারণ ছাড়াই অহেতুক গুলি ছোঁড়ার পর পরই সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি পাল্টা গুলি ছোঁড়ে জবাব দিয়েছে।
আমরা ইতিমধ্যে বিষয়টি বিএসএফ’র সেক্টর পর্যায়ের কর্মকর্তাদের অবগত করা হয়েছে। তিনি জানান- সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি বাড়ানো হয়েছে বিজিবি’র পেট্রোল টিমের সংখ্যা। সেইসঙ্গে সীমান্ত এলাকার মানুষকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে। বিজিবি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদেরও সীমান্ত এলাকায় সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশ বা অননুমোদিত কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে


