লন্ডনে ‘ক্যামডেন পিঠা মেলা’ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৬
লন্ডনে প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বেঙ্গলি আর্টস অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে ‘ক্যামডেন বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যামডেন পিঠা মেলা ২০২৬’। প্রথমবারের মতো আয়োজিত এই মেলা ৩১ জুন রোববার হার্ভাট স্ট্রিটে থ্যানেট হলে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজনে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে মেলা।
মেলায় ঐতিহ্যবাহী পিঠা, সন্দেশসহ দেশীয় নানা খাবারের স্টল দর্শনার্থীদের প্রধান আকর্ষণ ছিল। পাশাপাশি কাপড় ও বিভিন্ন পণ্যের স্টলেও ছিল ভিড়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামডেনের মেয়র কাউন্সিলর প্যাট্রিসিয়া লেম্যান, কাউন্সিলর কেমি অ্যাটোলাগবে, অনুপম নিউজ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী এবং টেলিভিশন উপস্থাপক হেনা বেগম। তারা প্রবাসে বাংলা সংস্কৃতি ধরে রাখার এ উদ্যোগের প্রশংসা করেন।
সাংস্কৃতিক পর্বে যুক্তরাজ্যপ্রবাসী শিল্পীরা সংগীত পরিবেশন করেন। শিশু-কিশোরদের জন্য ছিল ফেস পেইন্টিং ও হেনা পেইন্টিংয়ের আয়োজন। পরে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র।
আয়োজক হুমায়ূন কবির, আহবাব হোসেন ও বশির আহমদ জানান, প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা এবং কমিউনিটির মধ্যে সম্প্রীতি বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, আগামীতে আরও বড় পরিসরে ক্যামডেন পিঠা মেলার আয়োজন করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি

