‘মা’র যুগান্তকারি উদ্যোগ : বাংলাদেশে ট্রেন হবে ভ্রাম্যমাণ মাতৃসেবা হাসপাতাল
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৬

দেশ রিপোর্ট, ১১ জুলাই ২০২৬: বাংলাদেশে গর্ভকালীন মা’দের বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি যুগান্তকারি পরিকল্পনা গ্রহণ করেছে বৃটিশ চ্যারিটি সংস্থা ‘মা’ । তাদের প্রস্তাব হলো— একটি ট্রেনকে ভ্রাম্যমাণ হাসপাতালে রূপান্তর করা হবে । ট্রেনটি প্রতিটি স্টেশনে থেমে গর্ভবতী নারীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে তাৎক্ষণিক চিকিৎসাসেবা প্রদান করবে। তবে জরুরি চিকিৎসা বা অপারেশনের প্রয়োজন হলে রোগীকে সংস্থার বিশেষায়িত হাসপাতালে পাঠানো হবে।
১০ জুলাই শুক্রবার সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘মা এক্সপ্রেস’ নামক প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. আকিল জায়গীরদার এবং উপদেষ্টা অধ্যাপক শাহগীর বক্ত ফারুক।
সংবাদ সম্মেলনে উদাহরণ হিসেবে বলা হয়, যদি সিলেট-চট্টগ্রাম রেলপথ এই প্রকল্পের জন্য নির্বাচন করা হয়, তাহলে সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনটি প্রথমে মাইজগাঁও স্টেশনে থামবে। সেখানে নির্ধারিত সময় অবস্থান করে চিকিৎসাসেবা দেওয়ার পর পরবর্তী স্টেশনগুলোতে একইভাবে সেবা প্রদান করবে।
ট্রেনে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সরঞ্জাম থাকবে। কোন দিন, কোন সময়ে এবং কোন স্টেশনে ট্রেনটি অবস্থান করবে, তা আগেই জানিয়ে দেওয়া হবে। দেশি-বিদেশি চিকিৎসকদের একটি দল চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবেন।
প্রকল্পটি কবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে চূড়ান্ত কোনো সময়সীমা জানানো হয়নি। তবে সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ সরকারের সহযোগিতা পেলে আগামী কয়েক বছরের মধ্যেই এটি বাস্তবায়ন সম্ভব হবে।

সংগঠনটি প্রায় ১০ বছর ধরে বাংলাদেশে মাতৃস্বাস্থ্যসেবায় কাজ করছে । বর্তমানে মা (MAA-Maternity Aid Association) এর সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের ৩ হাজারের বেশি চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মী যুক্ত রয়েছেন। এছাড়া ৬০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ স্বাস্থ্যনেতা সংগঠনটির কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত। সিলেটের কুমারপাড়ায় সংস্থাটির একটি হাসপাতাল পরিচালিত হচ্ছে । ইতোমধ্যে প্রায় ৫ লাখ নারী সেখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।


