কিশোরগঞ্জে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা, আটক ১
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৬
দেশ ডেস্ক, ১৫ জুলাই ২০২৬:: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহিদুল আলম জাহাঙ্গীর দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় নিহত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বেড়িবাঁধ এলাকায় নিজ বাগানবাড়িতে প্রবেশের সময় তার ওপর এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, তিনজন হামলাকারী অতর্কিতভাবে জাহাঙ্গীরকে কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে একজন হামলাকারীকে আটক করতে সক্ষম হয় এলাকাবাসী। তবে বাকি দুইজন পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনন্দ বসাক জানান, রাত সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। পলাতক অন্য দুই অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

