ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৬
দেশ ডেস্ক, ৫ অক্টোবর ২০২৬:: খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার ঠিক একমাস ২০ দিন আগে তার ছেলে জয় ঢালী খুন হয়েছিল। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের শহীদের মোড় ঢালী বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আক্তার ঢালী ওই এলাকার মৃত দলিল ঢালীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন আক্তার ঢালী। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথেই তার মৃত্যু হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত একমাস ২০ দিন আগে আক্তার ঢালীর এক ছেলেও নির্মমভাবে হত্যার শিকার হয়েছিল। সেই হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার বাবাকেও একই কায়দায় হত্যা করা হলো। একের পর এক এমন হত্যাকাণ্ডে পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার (ওসি) মো, আনোয়ার জাহিদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।


