লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৬
দেশ ডেস্ক, ১০ অক্টোবর ২০২৬:: আগামীতে মেইনস্ট্রিম রাজনীতিতে বাংলাদেশিদের আরও অংশগ্রহণে কমিউনিটির সকলকে এগিয়ে আসার আহ্বানের মধ্য দিয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি লেবার পার্টির নেতাকর্মীদের এক মিলনমেলায় পরিণত হয়।
লিভারপুলের আলবার্ট ডকের একটি রেস্টুরেন্টে আয়োজিত লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার অনুষ্ঠানে অংশ নেন প্রতিমন্ত্রী, এমপি, বিভিন্ন কাউন্সিলের মেয়র, কাউন্সিলর ও ব্যবসায়ী নেতারা।
লন্ডনের ডেপুটি মেয়র ও লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারপারসন এর হাওয়ার্ড ডোবারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি কাউন্সিলর সৈয়দ আবুল বাশার।
ব্রিটিশ বাংলাদেশিদের জন্য লেবার পার্টির ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি বর্তমান ক্ষমতাসীন দলকে আরও এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ তুলে ধরে সভায় বক্তব্য দেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী, রূপা হক এমপি, স্টিফেন টিমস এমপি, ড. রোজিনা অ্যালিন এমপি, উমা কামরান এমপি, ডন বাটলার এমপি, গুরিন্দর সিং এমপি, রুথ ক্যাডবেরি এমপি ও প্রভু ওয়াসিরসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহামের প্রথম বাংলাদেশি লেবার দলীয় মেয়র এবং এলএফবির পৃষ্ঠপোষক ফরহাদ হোসেন। এ ছাড়া ব্রিটেনের বিভিন্ন শহরের মেয়র ও কাউন্সিলরসহ বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ব্রিটিশ রাজনীতিতে বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন। লেবার পার্টির নেতারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দলটিতে বাংলাদেশিদের অংশগ্রহণ আরও বাড়বে।


