পূর্ব লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ঢালিউড নাইট
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫
পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান ঢালিউড নাইট। অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও পুরস্কার বিতরণের মাধ্যমে টমি মিয়া অ্যাওয়ার্ড উইনারদের সম্মাননা জানানো হয়। ইংরেজি ও সিলেটি ভাষায় প্রাণবন্ত উপস্থাপনা করেন মেগনা উদ্দিন ও সাংবাদিক মুনীরা পারভিন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইফফাত আরা।
গত ০৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যার এই আয়োজনে লাইভ সংগীত ও নৃত্য পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন জনপ্রিয় শিল্পী আলাউর রহমান, আনামিকা মিঠু, তাশিন বাপ্পি, বাউল আজাদ ও ইফফাতারা খানম। নাচে অংশ নেন সেনজুতি দাস ও ইউসুফ রতুল, যাদের মনোমুগ্ধকর পারফর্মেন্সে দর্শকরা গান ও নাচে মেতে ওঠেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জাতীয় নেতা ও ব্রিটিশ সংসদ সদস্য জেরেমি করবিন। তিনি আনুষ্ঠানিকভাবে “ঢালিউড নাইট”
এর উদ্বোধন করেন এবং আয়োজকদের প্রশংসা করে বলেন, এমন আয়োজন প্রবাসীদের মধ্যে সংস্কৃতি ও ঐক্যের বন্ধন আরও জোরদার করবে।
বক্তব্য রাখেন এওয়ার্ড উদ্্যোক্তা ও প্রধান নির্বাহী টমি মিয়া এমবিই এবং ২১ সেপ্টেম্বরের চ্যাম্পিয়ন শেফ অ্যাওয়ার্ড বিজয়ী কামাল হোসেন জুনেদ।
অনুষ্ঠানে পানিপুরি, ওয়েলকাম ড্রিংক, স্ট্রিট ফুড, ডেজার্ট ও গুড়ের চা–এর সুবাসে মেতে ওঠে উপস্থিত অতিথিরা। এক আনন্দঘন সন্ধ্যায় প্রবাসীরা উপভোগ করেন ঢালিউডের উচ্ছ্বাস, রঙ, সুর ও স্বাদের এক অনন্য সমন্বয়-যা প্রবাসী সমাজে এনে দেয় এক নতুন মাত্রা। সংবাদ বিজ্ঞপ্তি

