‘সিলেটবাসীর পিঠ দেওয়ালে লেগে গেছে, রেমিট্যান্স বন্ধ ও বিমান বয়কটের ডাক ছাড়া বিকল্প নেই’
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫
সিলেটবাসীর প্রতি বৈষম্য দূরীকরণ, যোগাযোগ ব্যবস্থার সংস্কার ও উন্নয়ন, আধুনিক ট্রেন চালু এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবিলম্বে বিদেশি ফ্লাইট চালুর দাবিতে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটি প্রবাসীদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
‘ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুললি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’-এর উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কে. এম. আবু তাহের চৌধুরী এবং পরিচালনা করেন সদস্য সচিব এম. এ. রব।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান কোরেশী, হাজী মোহাম্মদ হাবিব, মাওলানা সৈয়দ নায়ীম আহমদ, এডভোকেট শফিক উদ্দিন আহমদ, হাফিজ হোসাইন আহমদ, সাংবাদিক খালেদ মাসুদ রনি, আফসর মিয়া ছুটু, আলহাজ নুর বক্স, অধ্যাপক আব্দুল হাই, মুহি মিকদাদ, মহিউদ্দিন আলমগীর, হাজী ফারুক মিয়া, শেখ ইস্তাব উদ্দিন আহমদ, আব্দুল মুকিত, শাহ চেরাগ আলী, শাহ এনায়েত করিম, মতিউর রহমান, মাস্টার আশরাফ চৌধুরী, হাজী সুরুক মিয়া, হুকুমদাদ খান, সিরাজ মিয়া, আবুল হোসেন, শাহীন চৌধুরী ও মোহাম্মদ ইসলাম প্রমুখ।
সভায় সিলেটবাসীর প্রতি বৈষম্যের বিরুদ্ধে দেশ-বিদেশে চলমান সব আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করা হয়। বক্তারা বলেন, “সিলেটবাসীর পিঠ দেওয়ালে লেগে গেছে। এখন আর নীরব থাকার সুযোগ নেই।” তাঁরা যুক্তরাজ্য থেকে দুই সপ্তাহের জন্য রেমিট্যান্স বন্ধ রাখা, বাংলাদেশ বিমানের বয়কট এবং দেশে অবরোধ-হরতাল কর্মসূচি ঘোষণার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ২৩ বছর আগে ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা দেওয়া হলেও আজও কোনো বিদেশি এয়ারলাইনকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়নি। ডিসেম্বর মাসে লন্ডন-সিলেট রুটে বিমানের রিটার্ন ভাড়া ১২০০ থেকে ১৫০০ পাউন্ড নির্ধারণ করা হয়েছে, যা সিলেটিদের প্রতি প্রকাশ্য শোষণ। তাই দেশে ও প্রবাসে এই বঞ্চনার বিরুদ্ধে কঠোর কর্মসূচি গ্রহণের দাবি জানান তাঁরা।-সংবাদ বিজ্ঞপ্তি

