হাদির মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির শোক
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু এক যৌথ শোকবার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
নেতৃবৃন্দ শোকবার্তায় বলেন, শরীফ ওসমান হাদির মৃত্যু কোনো সাধারণ বিদায় নয়; এটি একটি শহীদি মৃত্যু, এটি গণতন্ত্রকামী রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি, একটি নৈতিক শূন্যতা এবং সংগ্রামী মানুষের জন্য এক গভীর বেদনাদায়ক অধ্যায়। তিনি ছিলেন মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। মৃত্যুশয্যাতেও তাঁর চিন্তা ও চেতনা ছিল বাংলার রাজপথে এবং নিপীড়িত মানুষের পাশে।
তারা আরও বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে একজন অকুতোভয় ও আপসহীন সৈনিক। তাঁর সাহস ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং গণতান্ত্রিক আন্দোলনে পথনির্দেশক হিসেবে কাজ করবে।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি

