ছাত্রদলই দেশ গড়ার ভবিষ্যৎ শক্তি: এম এ মালিক
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৬
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আবদুল মালিক (এম এ মালিক) বলেছেন, ব্যক্তি নয়-দল বড়, আর দলের চেয়েও বড় দেশ। দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলই অগ্রসৈনিকের ভূমিকা পালন করবে।
রবিবার সকাল ১১টায় সিলেট-৩ সংসদীয় এলাকার ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে আয়োজিত “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট-৩ সংসদীয় জেলা ছাত্রদল, সিলেট মহানগর ছাত্রদলসহ বিভিন্ন উপজেলা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় এম এ মালিক বলেন, দীর্ঘদিন ধরে চেষ্টা সত্ত্বেও নেতাকর্মীদের সঙ্গে একসঙ্গে বসতে না পারায় তিনি দুঃখিত। তবে এখন থেকে ইনশাল্লাহ সবার সঙ্গে ওয়ান টু ওয়ান যোগাযোগ বজায় রাখবেন বলে আশ্বাস দেন।
তিনি বলেন, আমার সঙ্গে কারও ব্যক্তিগত সম্পর্ক থাক বা না থাক-আমি ছাত্রদল ও যুবদলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে কাজ করব।
নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে এম এ মালিক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই তার বিএনপির রাজনীতিতে পথচলা শুরু। ১৯৭৫ সালের পর জাতীয় পর্যায়ের বিভিন্ন সংগঠনে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে তিনি জানান, যুব প্রতিমন্ত্রী আবুল কাসেম ও হারিস চৌধুরীর নির্দেশনায় তিনি যুবসংস্থার সভাপতির দায়িত্ব পালন করেন।
বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদলকে কেন্দ্র করেই ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পরিকল্পনা করেছিলেন জিয়াউর রহমান। হিজবুল বাহারে ছাত্র ও যুবকদের প্রশিক্ষণ প্রদান এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতার কথাও তিনি স্মরণ করেন।
কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম নয়ন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অলি উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এস, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদ, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটনসহ জেলা, মহানগর, উপজেলা ও কলেজ পর্যায়ের ছাত্রদল নেতৃবৃন্দ।

