লন্ডনের স্টেপনী গ্রিনে দারুল খিদমাহ মসজিদের আনুষ্ঠানিক যাত্রা শুরু
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬
লন্ডনের স্টেপনী গ্রিনে দারুল খিদমাহ মসজিদ আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। গত ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার জুমার নামাজের মাধ্যমে নতুন মসজিদে কার্যক্রম শুরু হয়। আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা দারুল ফাউন্ডেশন ও স্থানীয় কমিউনিটির যৌথ সহযোগিতায় ঐতিহাসিক রোজালিন্ড গ্রিন হল চার্চ ভবনটি ১.৯ মিলিয়ন পাউন্ডে ক্রয় করা হয় এবং এরপর দারুল খিদমাহ মসজিদ ও মাদরাসার নির্মাণ কার্যক্রম শুরু হয়।
মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণের জরুরি কাজ সম্পন্ন করতে বর্তমানে প্রায় পাঁচ লাখ পাউন্ড অর্থের প্রয়োজন। পুরো কাজ শেষ হলে একসাথে প্রায় চারশ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। রমজানে নারী মুসল্লিদের জন্য তারাবী ও ঈদের নামাজের পৃথক ব্যবস্থা থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিল অব মস্কের চেয়ারম্যান হাফিজ মাওলানা সামছুল হক, হাফিজ মাওলানা হাবিবুর রহমান। এসময় বক্তব্য রাখেন দারুল খিদমাহ মসজিদ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা শায়েখ নাজির উদ্দিন, চ্যানেল এস-এর ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল ও মিডিয়া ব্যক্তিত্ব হাফিজ মাওলানা শায়েখ মুস্তাফিজ রহমানী।

মুসল্লিরা স্বল্প সময়ের মধ্যে মসজিদ নির্মাণের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং পবিত্র রমজান মাসে কমিউনিটির সবাইকে মসজিদে দান ও সহযোগিতার আহ্বান জানান। জুমার নামাজ শেষে হাফিজ মাওলানা সামছুল হক দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

