দ্য হিউম্যানিটারিয়ান অ্যান্ড সেভিং লাইভস ট্রাস্টের উদ্যোগে দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৬
অসহায় মানুষের পাশে দাঁড়াতে লন্ডনে নিয়মিত ফুড ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে দ্য হিউম্যানিটারিয়ান অ্যান্ড সেভিং লাইভস ট্রাস্ট। এই কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের ও খাদ্যসংকটে থাকা মানুষের মধ্যে নিয়মিত খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।
প্রতি পাক্ষিক (ফোর্টনাইট) রবিবার লন্ডনের স্ট্র্যাটফোর্ড এলাকার সিলভিয়ার কর্নারে এই ফুড ব্যাংক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনে প্রায় দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এবারের কর্মসূচিতে চাল, ডাল, আলু, তেল, ঘি ও বিভিন্ন ধরনের সবজিসহ রমজানের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এই ফুড বিতরণ কর্মসূচিতে স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে করিম ফাউন্ডেশন।
সংগঠনটির চেয়ারম্যান আশিক রহমান বলেন, সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতায় এই ফুড ব্যাংক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব। তিনি ফুড ব্যাংকের জন্য খাদ্যসামগ্রী স্পন্সর করতে আগ্রহীদের সংগঠনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।
সংগঠনের সেক্রেটারি মানিক মিয়া ফুড ব্যাংক কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হতে আগ্রহীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানান।
আয়োজকরা জানান, সমাজের সকলের সহযোগিতায় এই ধরনের মানবিক উদ্যোগ দারিদ্র্য ও খাদ্য সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, দ্য হিউম্যানিটারিয়ান অ্যান্ড সেভিং লাইভস ট্রাস্ট যুক্তরাজ্যভিত্তিক একটি দাতব্য সংস্থা। সংস্থাটি দারিদ্র্য দূরীকরণ, খাদ্য সহায়তা এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি

