এনএইচএস এর বিশেষ রোডশো “সার্ভিস অ্যাক্সেস” এখন আপনার পাশেই
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৬
দেশ ডেস্ক, ১৭ এপ্রিল ২০২৬: এনএইচএস-এর বিশেষ রোডশো ‘সার্ভিস অ্যাক্সেস’ যুক্তরাজ্যের ১৫টি এলাকায় চলমান রয়েছে। এর উদ্দেশ্য হলো, মানুষকে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা এবং কীভাবে সহজে ও দ্রুত এনএইচএস এর সেবা পাওয়া যায় তা অবহিত করা।
এই রোডশোতে মানুষকে শেখানো হচ্ছে: ছোটখাটো অসুখ হলে স্থানীয় ফার্মেসিতে যাওয়া, জরুরি সাহায্যের জন্য এনএইচএস ১১১ নাম্বারে ফোন করা, জিপি ওয়েবসাইটে লক্ষণ বা অনুরোধ পাঠানো, মোবাইলের এনএইচএস অ্যাপ ব্যবহার করে বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করা।
এ পর্যন্ত এই রোডশোর মাধ্যমে ১০ হাজারের বেশি মানুষকে সহায়তা করা হয়েছে। এটি লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার ও লেস্টারের মতো শহরে গেছে । সেখানে মানুষকে বোঝানো হয়েছে কোন সমস্যায় কোন এনএইচএস সেবা ব্যবহার করা উচিত।
সম্প্রতি এই রোডশো “হেই গর্জিয়াস” (Hey Gorgeous) নামের একটি বড় ইভেন্টে অংশ নেয়, যা দক্ষিণ এশীয় কমিউনিটির জন্য আয়োজন করা হয়েছিল। এই ইভেন্টের আয়োজক জামিহা দেশাই বলেন, কমিউনিটির মাঝে গিয়ে এভাবে তথ্য দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে মানুষ তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হচ্ছে।

এই ইভেন্টে প্রায় ৫,০০০ মানুষ অংশ নেয়। তাদের মধ্যে অনেকেই এনএইচএস সেবা সম্পর্কে জানতে আগ্রহ দেখান, এবং ৯০ শতাংশের বেশি মানুষ বলেছেন তারা এই তথ্যকে উপকারী মনে করেছেন।
রোডশোতে ৫ শতাধিক বেশি মানুষ এনএইচএস অ্যাপ ডাউনলোড করতে পেরেছেন। আরও অনেককে দেখানো হয়েছে কীভাবে এই অ্যাপ ব্যবহার করে সহজে প্রেসক্রিপশন নেওয়া যায় এবং অ্যাপয়েন্টমেন্টের রিমাইন্ডার পাওয়া যায়।
ডা. জ্যোতি সুদ বলেন, আমরা সবাই ভালো থাকতে চাই। কিন্তু সেজন্য মানুষকে জানতে হবে কখন এবং কীভাবে এনএইচএস সেবা ব্যবহার করতে হয় । এই রোডশো মানুষের কাছে গিয়ে তাদের প্রয়োজনীয় তথ্য দিচ্ছে। এ ব্যাপারে আরও জানতে এনএইচএস-এর ওয়েবসাইট ভিজিট করুন।


