রাজার কাছ থেকে এমবিই অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান শিক্ষিকা রেমি আতয়েবি
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৬
সৈয়দ আব্দুল কাদির : শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটেনের রাজা কিং চার্লসের কাছ থেকে টাওয়ার হ্যামলেটসের ওসমানী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা মিস রেমি আতয়েবি গত ৩১ মার্চ এমবিই অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন। মিস রেমি আতয়েবি লন্ডনের টাওয়ার হ্যামলেটসে একাধারে প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে মহান শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন।
আজ থেকে প্রায় ২০ বছর আগে মিস রেমি আতয়েবি পূর্ব লন্ডনে অবস্থিত টাওয়ার হ্যামলেটসের মেইনস্ট্রিম প্রাইমারি স্কুল ওসমানী স্কুলে প্রধান শিক্ষিকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই স্কুলের সর্বাঙ্গীণ সাফল্য অর্জিত হয়েছে। বিশেষ করে ছাত্রছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মানুবর্তিতা এবং সমাপনী পরীক্ষাসহ বিভিন্ন মূল্যায়নে তারা ভালো ফলাফল করছে। দীর্ঘদিন ধরে এই স্কুলে অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে মিস রেমি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে প্রায় শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে তিনি বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের উৎসাহিত করে আসছেন। এর মধ্যে রয়েছে ব্রেকফাস্ট ক্লাব, আফটার স্কুল ক্লাব, ‘হান্ড্রেড পারসেন্ট স্কুল অ্যাটেনডেন্স অ্যাওয়ার্ড’, ‘হেড টিচার অ্যাওয়ার্ড’, ‘ট্যালেন্ট স্টুডেন্টস অ্যাওয়ার্ড’ এবং এসব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রমণের সুযোগ প্রদান। এর ফলে শিক্ষার্থীরা আরও বেশি উৎসাহী হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ছাত্রছাত্রী, শিক্ষকমণ্ডলী এবং অভিভাবকদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে গেট-টুগেদারের আয়োজন করা হয়। এর মধ্যে রয়েছে উইন্টার ফেয়ার ফেস্টিভ্যাল, সামার ফেয়ার, বিভিন্ন বিষয়ে ওয়ার্কশপ, কফি মর্নিং এবং গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর সেমিনার ও প্রয়োজনবোধে প্রশিক্ষণের ব্যবস্থা।
বিদ্যালয়ের সার্বিক সাফল্যের জন্য স্কুলের সকল শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকমণ্ডলী, অভিভাবকগণ, অ্যাডমিন টিম, গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং কর্মরত সকলের প্রতি প্রধান শিক্ষিকা মিস রেমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে ভবিষ্যতেও সবার সহযোগিতা কামনা করেছেন।

