জাঁকজমকপূর্ণ আয়োজনে ইন্ডিপেনডেন্টস পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা এবং মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। নতুন এই রাজনৈতিক দলের চমকপ্রদ এ অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম, বর্ণ ও পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাদা সম্প্রদায়ের উপস্থিতিও ছিল লক্ষণীয়।
গত সোমবার (২০ এপ্রিল) বিকেলে পূর্ব লন্ডনের একটি অভিজাত হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের চেয়ারপার্সন মিসেস লিলিয়ান্স কলিন্স। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন দলের কাউন্সিলর প্রার্থী সলিসিটর মমতাজ ইসলাম, ইওয়ান হটন এবং জাহিদ আহমেদ।
হলভর্তি সমর্থকদের মুহুর্মুহু করতালির মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী জামি আলীসহ কমিউনিটি নেতৃবৃন্দ, আইনজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। বক্তব্য শেষে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির মেয়র প্রার্থী ব্যারিস্টার জামি আলী এবং ৪৩ জন কাউন্সিলর প্রার্থীর আনুষ্ঠানিক পরিচিতি ও নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়।
ইশতেহার ঘোষণা কালে জামি আলী বলেন, আমরা আজকে সফল হয়েছি। কমিউনিটির সকল পেশার মানুষকে একত্র করতে পেরেছি। ১০০ দিনের মধ্যে এনভয় ও সরকারের কনসার্ন পূরণ করা হবে। ইশতেহার কোনো কাগজ নয়, এতে আজ কী করা হবে তা স্পষ্টভাবে উল্লেখ আছে। আমরা গোপনে কিছু করতে চাই না, সবাইকে নিয়ে খোলামেলা কাজ করতে চাই। বারার সকল সমস্যা ও বদনাম দূর করে ব্রিটিশ সমাজে একটি সম্মানজনক অবস্থান তৈরি করতে চাই।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, এই দলটি বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে গঠিত হওয়ায় স্থানীয় রাজনীতিতে বহুমাত্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। পরিবর্তন ছাড়া বারার সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা।
বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনে এই নতুন রাজনৈতিক উদ্যোগ টাওয়ার হ্যামলেটসের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্ক হটন, সৈয়দ আলী আহমেদ, কমিউনিটি লিডার ফরিদ আহমেদ রেজা, বিসিএ’র সেক্রেটারি মিটু চৌধুরী, ব্যারিস্টার জন ট্রাসলার, ব্যারিস্টার রাসেল উইলকক্স, সাবেক অক্সফোর্ড ইউনিয়ন প্রেসিডেন্ট জর্জ আব্রানিয়ে, টেরি ম্যাকগ্রেনার (স্বতন্ত্র মেয়র প্রার্থী), মোহাম্মদ আলী, বো’র শিখ টেম্পলের জেনারেল সেক্রেটারি গুরপ্রীত সিং বেকার, স্ট্র্যাটফোর্ড সেন্টারের ম্যানেজার জয়নুল হক, প্রেসেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল দয়াস, ফাইন্যান্স অ্যাডভাইজার আবদি করিম, শিক্ষার্থী হাসান আনাব, সাবেক স্পিকার ও বর্তমান কাউন্সিলর জাহেদ বখত চৌধুরী, কাউন্সিলর কবির হোসেনসহ অনেকে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ। এ সময় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। তাদের মধ্যে ছিলেন আইনজীবী, কমিউনিটি অ্যাডভোকেট, সমাজকর্মী, স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং উদ্যোক্তারা।
এবারের নির্বাচনে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির প্রার্থীরা বিভিন্ন ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্পিটালফিল্ডস ও বাংলা টাউন ওয়ার্ড থেকে কবির হোসেন ও অ্যাডভোকেট নুরুল মালিক। আইল্যান্ড গার্ডেনস থেকে ইওয়ান হটন ও সলিসিটর কামরুল হাসান। সেন্ট ডানস্ট্যান্স ওয়ার্ডে কামরুজ্জামান ও অ্যাডভোকেট আমিরুল ইসলাম। ল্যান্সবারি ওয়ার্ডে ব্যবসায়ী রোমনা বেগম, সাবেক স্পিকার জাহেদ বখত চৌধুরী ও পাওয়ার সিস্টেম বিশেষজ্ঞ কাইসুল ইসলাম। মাইলএন্ড ওয়ার্ডে টিচিং অ্যাসিস্ট্যান্ট ক্রিস্টিয়ানা আগবাবিয়াকা, সাবেক কাউন্সিলর শাহ আলম ও ব্যবসায়ী নওমান ইকবাল।
হোয়াইটচ্যাপেল ওয়ার্ডে ইমিগ্রেশন প্র্যাকটিশনার আলী আকবর, অ্যাডভোকেট আব্দুল বশির ও ব্যারিস্টার মিজানুর রহমান। পপলার ওয়ার্ডে হাউজিং অফিসার ফারহাদ আহমেদ। লাইমহাউস ওয়ার্ডে ব্যবসায়ী জাহান ইব্রাহিম। শ্যাডওয়েল ওয়ার্ডে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার পেশাজীবী আব্দুস শুকুর। ব্রোমলি নর্থ ওয়ার্ডে অ্যাডভোকেট আব্দুল মুমিন ও অ্যাডভোকেট শেখ নাশার।
ব্রোমলি সাউথ ওয়ার্ডে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার পেশাজীবী লিটন আহমেদ। বেথনাল গ্রিন ইস্ট ওয়ার্ডে অ্যাডভোকেট মো. সাহিন আহমদ, মো. মুহিবুল হাসান ও নুরুল কামরুজ্জামান। বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ডে অ্যাডভোকেট মুহিবুল হক, আবি ইসলাম ও দমকলকর্মী নাসির আহমদ জিলানী। ব্ল্যাকওয়াল ও কিউবিট টাউন ওয়ার্ডে আইরিন সোবহান, শাহ নূর মোহাম্মদ ও জাহিদ আহমেদ।
বো ইস্ট ওয়ার্ডে অ্যাডভোকেট সলিম চৌধুরী, দেলোয়ার হিরা ও শফিকুল ইসলাম। বো ওয়েস্ট ওয়ার্ডে সলিসিটর মমতাজ ইসলাম ও অ্যাডভোকেট সায়েদা ফাতেমা তুজ জোহরা। সেন্ট ক্যাথারিনস ও ওয়াপিং ওয়ার্ডে সলিসিটর মুনশাত হাবিব ও একজন অ্যাকাউন্ট্যান্ট। ক্যানারি ওয়ার্ফ ওয়ার্ডে মোহাম্মদ আবোশানাব ও জাহিদ আবু হায়াত। স্টেপনি গ্রিন ওয়ার্ডে আইনজীবী হাবিবুর রহমান ও হাসান মোহাম্মদ দিরিয়ে। উইভার্স ওয়ার্ডে ইমরান হোসেন ও আব্দুল্লাহ নাজিমুদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি


