কার্ডিফে পবিত্র ঈদুল আজহা উদযাপন
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৬
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ওয়েলসের রাজধানী কার্ডিফে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে মুসলিম কমিউনিটি। গত ২৭ মে সকাল থেকে কয়েক হাজার মুসল্লির অংশগ্রহণে শহরের বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত।
কার্ডিফ শাহজালাল মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারে সকাল ৮টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা শাহ হালিম উদ্দিন নূরী। দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফিজ মাওলানা তৌহিদুল হক।
একই সময়ে কার্ডিফ জালালিয়া মসজিদ অ্যান্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল মোক্তাদির এবং দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফিজ জালাল উদ্দিন। এদিকে লানেড্রিন কমিউনিটি সেন্টারে ঈদের জামাতে ইমামতি করেন হাফিজ খায়রুল আলম।
খুতবা পূর্ব আলোচনায় ইমামগণ বলেন, ঈদুল আজহা আত্মত্যাগের মহিমায় ভাস্বর একটি ইবাদত। আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যে আত্মত্যাগের চেতনা জাগ্রত করাই এই ঈদের মূল শিক্ষা।
ঈদের দিন কার্ডিফের প্রতিটি মসজিদ ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায় মুখর হয়ে ওঠে। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। প্রবাসের পরিবেশে এ যেন এক অপূর্ব মিলনমেলা।
কার্ডিফ শাহজালাল মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারের ট্রাস্টি মোহাম্মদ মকিস মনসুর, মসজিদ কমিটির চেয়ারম্যান শাহ আতাউর রহমান মধু, সেক্রেটারি কাওসার হোসেন, ট্রেজারার রকিবুর রহমান, কার্ডিফ জালালিয়া মসজিদের আলহাজ লিলু মিয়া ও সেক্রেটারি মহিবুল ইসলাম মায়াসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিত মুসল্লিরা বিশ্বের সকল মুসলমানকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
তাঁরা বলেন, ঈদুল আজহার আত্মত্যাগের শিক্ষা সকলের জীবনে ছড়িয়ে পড়ুক, বিশ্ব হোক শান্তিময়। মানবতা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার ভিত্তিতে গড়ে উঠুক এক সুন্দর ও মানবিক পৃথিবী। পরে প্রতিটি ঈদের জামাতে বিশেষ মোনাজাতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
ঈদ উপলক্ষে বিভিন্ন স্থানে মুসল্লিদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হয় এবং শিশুদের জন্য বিনোদনের আয়োজন রাখা হয়। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও ঈদকে ঘিরে প্রতিটি ঘরে ঘরে ছিল নানা পদের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন-পিঠা, সেমাই, মিষ্টি, সন্দেশ, লাচ্ছি ও বিরিয়ানি।
এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ, যুক্তরাজ্যসহ বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর, ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর। তিনি এক শুভেচ্ছা বার্তায় মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধ কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি


