সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকের দ্বিবার্ষিক সম্মেলন: সভাপতি আশিক চৌধুরী , সম্পাদক আল আমিন
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৬
খালেদ মাসুদ রনি:: সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আবদুল আশিক চৌধুরীকে পুনরায় সভাপতি এবং অ্যাডভোকেট আল আমিনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
গত ১৩ জুলাই সোমবার সন্ধ্যায় লন্ডনের নিউ রোডের একটি হলে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল আশিক চৌধুরী। সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজহারুল ইসলাম শিপার এবং জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা মাসুক আহমদ সরদার।
এ সময় আরও বক্তব্য দেন নর্থইস্ট আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য সৈয়দ দুলাল নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, হাসনাত আহমেদ চুনু, সেলিম সিদ্দিকী, আনোয়ার হোসেন শিশু, এমরানুল হক ইমরান, অ্যাডভোকেট আল আমিন, আবুল খায়ের, শাওন মিয়া, লোকমান হাকিম, সৈয়দ কামরান এবং আবদুল আশিক চৌধুরী।
সমাপনী বক্তব্যের পর বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় অধিবেশনে সংগঠনের উপদেষ্টা মাসুক আহমদ সরদারের পরিচালনায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নুরুল হুদা মুকুট ও সহসভাপতি আজহারুল ইসলাম শিপার নতুন কমিটি ঘোষণা করেন। এতে আবদুল আশিক চৌধুরীকে পুনরায় সভাপতি এবং অ্যাডভোকেট আল আমিনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভায় নেতাকর্মীদের আগামী দিনের আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নুরুল হুদা মুকুট বলেন, আওয়ামী লীগ এ দেশের পরীক্ষিত রাজনৈতিক প্রতিষ্ঠান। বহুবার কঠিন পরীক্ষা, ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে দলটি এগিয়ে এসেছে। তিনি বলেন, এ সম্মেলনের মাধ্যমে এমন নেতৃত্ব দেখতে চান, যারা দুঃসময়ে মানুষকে সাথে নিয়ে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার রাস্তাকে প্রশস্ত করবে।

