লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৬
দেশ ডেস্ক, ০৫ অক্টোবর ২০২৬:: লন্ডনে পাঞ্জেরী পাবলিকেশন্স প্রকাশিত তিনটি গ্রন্থের পাঠ উন্মোচন এবং একটি অনলাইন বুকশপের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির পিন্টার স্টুডিওতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
জ্যেষ্ঠ সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব উর্মি মাযহারের সঞ্চালনায় অনুষ্ঠানে কবি শামীম আজাদের নির্বাচিত কাব্যগ্রন্থ (প্রথম ও দ্বিতীয় খণ্ড) এবং কবি-কথাসাহিত্যিক মিলটন রহমানের উপন্যাস অগ্নি সারসেরা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
পাঞ্জেরী পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ক গ্রন্থগুলোর ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, অগ্নি সারসেরা তৃণমূল থেকে বৈশ্বিক রাজনীতির দিকে যাত্রার এক ইতিহাস। নতুন রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক দর্শনের সন্ধানে ছুটে চলা এক তরুণের গল্প এতে উঠে এসেছে।
শামীম আজাদের কাব্যগ্রন্থদ্বয় নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কবি ফারুক আহমদ রনি। তিনি বলেন, “শামীম আজাদ কেবল বিলেতের নন, তিনি বিশ্ববাংলা ও বিশ্বের কবি। তাঁর কবিতায় মানুষের জীবন, সংগ্রাম ও মানবিকতার নানা দিক প্রতিফলিত হয়েছে।”
আলোচনায় অংশ নিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ বদরুল আহসান বলেন, শামীম আজাদ ও মিলটন রহমানের গ্রন্থগুলো বাংলা সাহিত্যে নতুন ও অভিনব সংযোজন। বাংলা টিভির চেয়ারম্যান সৈয়দ সামাদুল হক অগ্নি সারসেরাকে গভীর অভিনিবেশে রচিত একটি উপন্যাস হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, শামীম আজাদ তাঁর কবিতায় সবসময় মানবতার কথা বলেছেন।
এছাড়া বক্তব্য রাখেন কবি হামিদ মোহাম্মদ, কবি স্টিফেন ওয়াটস এবং সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি মোহাম্মদ ইকবাল।
অনুষ্ঠানে শামীম আজাদের কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করেন সমর দাস, নজরুল ইসলাম অকিব ও স্মৃতি আজাদ। অন্যদিকে মিলটন রহমানের অগ্নি সারসেরা উপন্যাস থেকে অংশবিশেষ পাঠ করেন বাচিকশিল্পী মুনিরা পারভীন, আনিকা তাসনিম তাপসী এবং রিনা দাস।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আইডিওগ্রাম ও পিবিএস বুকসের যৌথ উদ্যোগে একটি অনলাইন বুকশপের উদ্বোধন করা হয়। এ সময় আইডিওগ্রামের কোঅর্ডিনেটর সেলিনা শেলী জানান, ব্রিটেন ও ইউরোপের পাঠকরা এখন থেকে ওয়েবসাইট, ফেসবুক, ইমেইল কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইনে বই কিনতে পারবেন। একই প্ল্যাটফর্ম থেকে প্রতিবছর ব্রিটেন ও ইউরোপের লেখকদের গ্রন্থও প্রকাশ করা হবে।
পিবিএস বুকসের পক্ষ থেকে কামরুল হাসান শায়ক বলেন, এই অনলাইন বুকশপের মাধ্যমে ব্রিটেনসহ ইউরোপের পাঠকরা পাঞ্জেরী পাবলিকেশন্সের পাশাপাশি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকাশকের বই সহজেই সংগ্রহ করতে পারবেন।


