এনসিপি নেতারা অর্ধেক বুঝে মন্তব্য করছেন, গণভোট প্রসঙ্গে আইনমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৬
দেশ ডেস্ক:: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এনসিপি নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা না বুঝেই দিচ্ছেন। তারা অর্ধেক বুঝেছেন। আমরা তাদের এই বক্তব্যের জবাব জাতীয় সংসদে দেব। তারা যে বক্তব্য দিচ্ছেন তা সঠিক নয়। বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং আমরা জুলাই সনদের আলোকেই পথ হাঁটতে চাই। আবেগ ও আইনকে একসঙ্গে নিয়েই আমরা চলতে চাই।
আজ সোমবার কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাশিমপুর খালের উৎস্য মুখ থেকে তিন কিলোমিটার পুনখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহবুব উল ইসলামের সভাপতিত্বে এ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
মামলা জট বিষয়ে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ভুক্তভোগী, বিচারবিভাগের সঙ্গে মতবিনিময় করা হবে। মতবিনিময়ে কার্যকারী যে পদক্ষেপ আমরা সুপারিশ আকারে পাবো, চেষ্টা করবো সেই পথ ধরে এগিয়ে সমস্যার সমাধান করার। অযৌক্তিকভাবে যে বিচারকরা আইন মন্ত্রণালয়ে ন্যস্ত আছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি হিসেবে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নালা পুনখনন প্রকল্পের মাধ্যমে নদীতে নাব্যতা আনা হবে বলেও প্রতিশ্রুতি দেন মন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া-৪ আসনের এমপি আফজাল হোসেন, কুষ্টিয়া-১ আসনের এমপি রেজা আহমেদ বাচ্চু, জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিন,পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মদ, খোকসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।
ভোটের আমেজ শেষের আগেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নজিরবিহীন
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, হাতের আঙুলের দিকে খেয়াল করুণ এখনও দাগ মুছে যায়নি। তার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। এটিই বিএনপি সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। ইতোমধ্যে ফ্যামিলি কাডের্র আওতায় ৩৮ হাজার পরিবারকে ভাতা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের চার কোটি মানুষকে এর আওতায় আনা হবে। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। ভোটের আমেজ শেষ না হতেই এভাবে প্রতিশ্রুতির বাস্তবায়ন নজিরবিহীন।
আজ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কন্যাদহ গ্রামে ‘ডি-২-৭এন’ নামে মৃতপ্রায় একটি নিষ্কাশন খালের পুনখনন কাজের উদ্বোধনকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, এই নিষ্কাশন খালটি খননের ফলে হাজার হাজার কৃষক উপকৃত হবে। এটি এই এলাকার কৃষির উন্নয়নে একটি বৈপবিক পদক্ষেপ। এর ফলে বর্সার পানি দ্রুত নিষ্কাশন, জলাবদ্ধতা নিরশন ও শুষ্ক মৌশুমে কৃষি জমিতে সেচ সুবিধা বাড়বে।

