লন্ডনে দারুল খিদমাহ সেন্টারের নবনির্মিত মসজিদে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৬
দেশ ডেস্ক, ১৬ জুলাই ২০২৬:: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের প্রাণকেন্দ্র স্টেপনি গ্রিনে আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা দারুল ফাউন্ডেশন-এর উদ্যোগে নির্মাণাধীন দারুল খিদমাহ মসজিদে এক ধর্মীয় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি প্রায় ৯ লাখ পাউন্ড ব্যয়ে ঐতিহাসিক রোজালিনড গ্রীন হল চার্চ ভবনটি ক্রয় করে সেখানে মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করে দারুল ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় গত ১৪ জুলাই নির্মাণাধীন নতুন মসজিদে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল খিদমাহ মসজিদ ও মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা শায়েখ নাজির উদ্দিন। তিনি মসজিদের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা, দোয়া ও আর্থিক সহায়তা কামনা করেন।
আয়োজকরা জানান, মসজিদের জরুরি নির্মাণকাজ সম্পন্ন করতে বর্তমানে প্রায় ৫ লাখ পাউন্ড অর্থের প্রয়োজন রয়েছে। নির্মাণকাজ শেষ হলে একসঙ্গে প্রায় ৪০০ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। পাশাপাশি নারীদের জন্য তারাবির নামাজ ও ঈদের নামাজ আদায়ের পৃথক স্থানও রাখা হবে।
ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হযরত মাওলানা মুফতি আবদুল মুনতাকিম। এছাড়া বাংলাদেশ থেকে আগত খতিবে বাঙাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মইনুল হক চৌধুরী, মাওলানা মামনুন মহিউদ্দিন, মাওলানা হাফিজ সৈয়দ তামিম আহমদ, মাওলানা শামসুল হক ছাতকী, মাওলানা মইনুদ্দিন খান এবং বিশিষ্ট ব্যবসায়ী জামাল আহমদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী আলেম, অতিথি ও মুসল্লিরা নির্মাণাধীন মসজিদের নান্দনিক পরিবেশ ও নির্মাণকাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, নির্মাণকাজ সম্পন্ন হলে দারুল খিদমাহ মসজিদ লন্ডনের স্টেপনি গ্রিন এলাকায় ধর্মীয় শিক্ষা, ইবাদত ও সামাজিক সেবামূলক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।

