নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে?
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৬
দেশ ডেস্ক, ২১ আগস্ট ২০২৬:: সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় নতুন করে আরও পাঁচজন যুক্ত হয়েছেন। আর আগে প্রতিমন্ত্রী থাকা একজন মন্ত্রী হয়েছেন। সব মিলিয়ে বঙ্গভবনে শপথ নিয়েছেন ৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তাদের মধ্যে চারজন মন্ত্রী আর দুজন প্রতিমন্ত্রী।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।
এর মধ্যে স্থানীয় সরকারমন্ত্রী হচ্ছেন আবদুল মঈন খান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় স্থানীয় সরকারমন্ত্রীর পদ শূন্য হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে এই মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন।
আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হচ্ছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হচ্ছে।
আর শামীম কায়সার ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি। রাতের মধ্যেই এই প্রজ্ঞাপন জারি করা হবে।

