গাজীপুরে ৭ যুবক হত্যা: ১০ জনের অভিযোগ গঠনের শুনানি ৬ অক্টোবর
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৬
দেশ ডেস্ক, ২৭ সেপ্টেম্বর ২০২৬:: জঙ্গি আখ্যা দিয়ে ২০১৬ সালে গাজীপুরে সাত যুবককে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ও মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৬ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ শুনানির জন্য এ দিন ধার্য করেন। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
প্রসিকিউশনের অভিযোগ, ২০১৬ সালের ৮ অক্টোবর দেশের বিভিন্ন স্থান থেকে আটক সাত যুবককে গাজীপুরের একটি বাড়িতে নিয়ে গুলি করে হত্যা করা হয়। পরে ঘটনাটিকে জঙ্গিবিরোধী অভিযান হিসেবে উপস্থাপন করা হয়।
তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তে উঠে এসেছে, নিহত ওই সাতজনকে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে গ্রেফতার করা হয়েছিল। এরপর তাদের দীর্ঘদিন গুম করে রাখার অভিযোগ রয়েছে। পরে গাজীপুরের ওই বাড়িতে নিয়ে তাদের গুলি করে হত্যা করা হয় বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।
প্রসিকিউশনের দাবি, সাত যুবককে জঙ্গি সাজিয়ে হত্যা করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।
নিহত সাতজনের মধ্যে ইবরাহীম নামে এক যুবক যাত্রাবাড়ীর একটি মাদরাসায় পড়াশোনা করতেন। জুলাই গণঅভ্যুত্থানের পর তার বাবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ছেলেকে বিচারবহির্ভূতভাবে গুম ও হত্যার অভিযোগ করেন। পরে তদন্ত শেষে এ বিষয়ে প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দাখিল করে তদন্ত সংস্থা।
ওই প্রতিবেদন যাচাই-বাছাই শেষে গত ৩ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ও মোহাম্মদ জাবেদ পাটোয়ারিসহ ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
এ মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা মো. আছাদুজ্জামান মিয়া, মো. মনিরুল ইসলাম ও হারুন অর রশিদকেও আসামি করা হয়েছে।
বর্তমানে এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।


