বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৬

দেশ ডেস্ক, ১৩ অক্টোবর ২০২৬ : যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন বাংলাদেশ-এর চেয়ার আপসানা বেগম এমপির নেতৃত্বে একটি ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। সফরকালে প্রতিনিধিদলটি বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতা, সরকারের মন্ত্রী, বিরোধী দলের প্রতিনিধি এবং নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করেছে।
গত ৬ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে প্রতিনিধিদলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় । এরপর প্রতিনিধিদলটি বাংলাদেশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে বৈঠক করে । এ ছাড়া মন্ত্রী হুমায়ুন কবির, মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি এবং উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে তাঁদের নিজ নিজ কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ অক্টোবর বুধবার প্রতিনিধিদলটি কক্সবাজারে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে । সেখানে তারা বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সংকট ও শরণার্থী পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে ধারণা লাভ করে। এ সময় প্রতিনিধিদলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়েও সৌজন্য সাক্ষাৎ করে।

৮ অক্টোবর বৃহস্পতিবার বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল।
বৈঠকে জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি, জুলাই সনদ, সাংবিধানিক পরিবর্তন, রাজনৈতিক দলগুলোর সংস্কার, সংসদ সদস্যদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন এবং অতীতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সত্য উদ্ঘাটন ও পুনর্মিলন প্রক্রিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
একই দিনে প্রতিনিধিদলটি সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতিন রায় চৌধুরী এমপি এবং নিপুণ রায় চৌধুরী এমপির সঙ্গেও মন্ত্রীর কার্যালয়ে বৈঠক করে।
সফরের অংশ হিসেবে ব্রিটিশ প্রতিনিধিদলটি বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেছে।
প্রতিনিধিদলটি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) কার্যালয় পরিদর্শন করে । এ ছাড়া তারা দৃক পিকচার লাইব্রেরিতে বাংলাদেশের নাগরিক সমাজের নেতৃস্থানীয় প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেয়। ওই সভায় বিশেষভাবে নারী অধিকার, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার এবং আদিবাসীদের অধিকারসংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

বাংলাদেশ সফরকালে ব্রিটিশ প্রতিনিধিদলটি দেশটির রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার পরিস্থিতি এবং নাগরিক সমাজের ভূমিকা সম্পর্কে সরাসরি মতামত ও অভিজ্ঞতা জানার সুযোগ পাচ্ছে।
সফরের পরবর্তী দিনগুলোতেও প্রতিনিধিদলটির বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় অব্যাহত থাকার কথা রয়েছে।


