প্রাক্তন শিক্ষক আব্দুল ফাত্তাহ ছিলেন আদর্শ মানুষগড়ার কারিগর : বড়লেখা ফ্রেন্ডস ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২২
বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের উদ্যোগে আমেরিকা-প্রবাসী বড়লেখা পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও প্রাক্তন কাজী আব্দুল ফাত্তাহকে সংবর্ধনা দেওয়া হয়েছে। লন্ডন আগমন উপলক্ষে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বদারুল উম্মাহ মাদ্রাসা মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ ইলিয়াস আহমেদ।
এতে বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের প্রধান উপদেষ্টা সাহাব উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি ও সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ বেলাল আহমেদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, সাবেক কাউন্সিলর আতা রহমান, বীর মুক্তিযোদ্ধা লেখক পীরজাদা হোসাইন আহমেদ ও পিসি হাইস্কুলের প্রাক্তন ছাত্র মুজিবুর রহমান।
সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন ও সিনিয়র সহসভাপতি হাসান পারভেজ রাসেলের সার্বিক তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক আব্দুল মুমিন বেলাল সঞ্চালনায় সংবর্ধিত অতিথি প্রাক্তন শিক্ষক আব্দুল ফাত্তাহ-এর সম্মানে রচিত মানপত্র পাঠ করেন সহ সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, সহ কোষাধ্যক্ষ আবুল কাশেম, প্রশাসনিক পরিষদের সদস্য ফয়সল উদ্দিন, কাজল সরকার, আব্দুল আহাদ, আব্দুল হামিদ সনজু ও মিনহাজুল আলম মামুন। উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন আবু রহমান, এমরান আহমেদ পান্না, সাহাব উদ্দিন ও মামুনুর ফয়সল।

সংবর্ধিত অতিথি আব্দুল ফাত্তাহ’র প্রাক্তন ছাত্রের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন জাহাঙ্গীর কবির হীরা, আসাদ উদ্দিন, কামরুল ইসলাম, লিয়াকত খান, শামীম আহমদ, আহমদ জুবায়ের লিটন, জালাল আহমদ, ফরহাদ হোসাইন টিপু, সিদ্দিক আহমদ, মাসুম আহমদ, ইউসুফ খান জাকারিয়া, শরিফুল হক স্বপন, বদরুল ইসলাম, ফকরুল ইসলাম, আব্দুস শুকুর রুমন, আহমদ চৌধুরী নাজিম, কাইয়ুম চৌধুরী, খায়রুল ইসলাম, সাইদুর রহমান, নুরুল হক, লুৎফুর রহমান, সেলিম আহমদ, বদরুল ইসলাম, নাসির উদ্দিন, মাফুজ আহমদ, সিপার আহমদ প্রমুখ।
সভায় বক্তারা সংবর্ধিত অতিথি শিক্ষক আব্দুল ফাত্তাহ’র শিক্ষক-জীবনের নানা দিক স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একজন আদর্শ মানুষ গড়ার কারিগর। তাঁরা বলেন, স্যার আমাদেরকে সবসময় মানুষের মতো মানুষ হতে বলতেন। তাঁর পাঠদানের কৌশল ছিলো অন্যান্য শিক্ষকদের চেয়ে ভিন্ন। তাঁর পোশাক পরিচ্ছদে সবসময়ই আভিজাত্যের পরিচয় থাকতো। তিনি ছিলেন ধর্মীয় শিক্ষক, তাই সবসময়ই নামাজের ওপর গুরুত্ব দিতেন। দুপুরে স্কুলের বিরতির সময় জোহরের নামাজ মসজিদে গিয়ে জামাতে সাথে পড়ার জন্য কড়াকড়ি ছিলো। নামাজ থেকে ফিরলে তিনি কে কোন কাতারে ছিলো, কার পেছেনে কে ছিলো-এমন প্রশ্ন করতেন। এতে করে তিনি নিশ্চিত হওয়ার চেষ্টা করতেন যে, ছাত্রটি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়েছে, তাঁকে ফাঁকি দেয়ার চেষ্টা করেনি।
অনেক প্রাক্তন ছাত্র তাঁদের স্মৃতিচারণে বলেন, তাদের স্যারের কঠোরতার কারণে সেই ছাত্রজীবনে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অভ্যেস গড়ে তুলেছিলেন এখন পর্যন্ত তা অব্যাহত আছে। তাঁরা বলেন, আমাদের মা-বাবারা আমাদের জন্ম দিয়েছেন, শিক্ষকগণ আমাদের মানুষ করেছেন। শিক্ষকদের এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। তাঁরা প্রাক্তন এই শিক্ষকের দীর্ঘ ও সুস্থজীবন কামনা করেন।
অন্যান্য বক্তারা সংবর্ধিত অতিথির ভুয়শী প্রশংসা করে বলেন, সকল শিক্ষকই তাঁর শিক্ষার্থীদের মনে জয় করতে পারেন না। কিছু শিক্ষক তাদের ব্যতিক্রমী কার্যক্রম যেমন- নিজের ব্যক্তিত্ববোধ পাঠদানের কৌশল এবং চলাফেরায় ভিন্নতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের অন্তরে স্থান করে নেন। শিক্ষক আব্দুল ফাত্তাহ তা পেরেছিলেন বলেই আজ পর্যন্ত তাঁর ছাত্ররা তাঁকে শ্রদ্ধার সাথে মনে রাখছে। আজকের সংবর্ধনা অনুষ্ঠান তাঁর প্রতি নিখাঁদ ও নিঃস্বার্থ ভালোবাসার বহিঃপ্রকাশ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে আমেরিকা প্রবাসী প্রাক্তন শিক্ষক তাঁর ছাত্রদের এমন ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমার যে আজ কী আনন্দ লাগছে এটা প্রকাশ করার মতো নয়। এটি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি আমার ছাত্রদের ভালোবাসায় মুগ্ধ ও অভিভূত। আমি সকলের জন্য প্রাণভরে দোয়া করি। আমার ছাত্ররা যে যেখানে থাককু, তারা সকলেই যেন ভালো থাকে এবং ইসলাম ধর্মের ওপর অটল থাকে। তিনি সকলের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। পরে সংবর্ধিত অতিথিকে মানপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি


