অক্টোবরের পাঁচ দিনে এলো ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৬
দেশ ডেস্ক, ০৬ অক্টোবর ২০২৬:: চলতি অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনেই দেশে ৫১৩ মিলিয়ন বা ৫১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ৫ অক্টোবর একদিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ১০৯ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।
প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ২০২৬-২৭ অর্থবছরের ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১ দশমিক ৪ শতাংশ। ২০২৫ সালের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৪২২ মিলিয়ন ডলার। অর্থাৎ, গত বছরের তুলনায় চলতি অক্টোবরের প্রথম পাঁচ দিনে ৯১ মিলিয়ন ডলার বেশি এসেছে।
এদিকে, চলতি অর্থবছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯ হাজার ১০৪ মিলিয়ন বা ৯ দশমিক ১০৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮ হাজার ৮ মিলিয়ন বা ৮ দশমিক ০০৮ বিলিয়ন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৭ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে। পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।


